Image description

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে বৈধ বাণিজ্যিক কার্যক্রমে রয়েছে স্থবিরতা। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটও প্রকট। এ সুযোগে বাংলাদেশ থেকে সিমেন্ট, সার, ডিজেল, ওষুধসহ বিভিন্ন পণ্য পাচার হচ্ছে দেশটিতে। বিনিময়ে টাকা নয়, সেখান থেকে দেশে আসছে ইয়াবা-আইসের মতো ভয়ংকর মাদক।

জানা যায়, সীমান্ত এলাকায় সক্রিয় সংঘবদ্ধ কয়েকটি চক্র দীর্ঘদিন ধরে এসব পণ্য পাচার করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ এবং বেশ কয়েকজনকে গ্রেফতারের পরেও থামছে না এই অবৈধ বাণিজ্য।

 

কোস্টগার্ডের হাতে আটক পাচারকারী/ছবি: কোস্টগার্ড
 
কোস্টগার্ডের হাতে আটক পাচারকারী/ছবি: কোস্টগার্ড

 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া এবং বৈধ আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ায় নির্মাণসামগ্রী, কৃষি উপকরণ ও জ্বালানি পণ্যের তীব্র সংকট তৈরি হয়েছে। এর সুযোগ নিচ্ছে বাংলাদেশভিত্তিক কিছু পাচারকারী চক্র। বাংলাদেশে তুলনামূলক কম দামে পাওয়া এসব পণ্য সীমান্ত পেরিয়ে মিয়ানমারে কয়েকগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে। এর চেয়ে ভয়ংকর তথ্য হলো- এসব পণ্য মিয়ানমারে পাচার করে বিনিময়ে সেখান থেকে দেশে প্রবেশ করছে ইয়াবা ও আইস (ক্রিস্টাল মেথামফেটামিন)।

পাচারের রুট

সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর এলাকা, কক্সবাজারের টেকনাফ, শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্রপথ ও নাফ নদী ব্যবহার করা হচ্ছে চোরাচালানের প্রধান রুট হিসেবে। বিশেষ করে মিয়ানমারের মংডু এলাকায় এসব পণ্যের ব্যাপক চাহিদা।

সিমেন্ট-সারের দাম মিয়ানমারে কত?

মিয়ানমারে বর্তমানে এক বস্তা সিমেন্টের দাম বাংলাদেশি বাজারের তুলনায় কয়েকগুণ বেশি। গত সপ্তাহে রাখাইনে এক বস্তা সিমেন্ট ২৫ হাজার থেকে ৩১ হাজার কিয়াট (দেড় থেকে দুই হাজার টাকা) পর্যন্ত বিক্রি হয়েছে। বাংলাদেশে এক বস্তা সিমেন্ট পাওয়া যায় ৫৮০ টাকার মধ্যে। এই বড় ধরনের মূল্য ব্যবধান পাচারকারীদের জন্য বড় মুনাফার সুযোগ তৈরি করেছে। বিনিময়ে মাদক কারবারিরা বেশি পরিমাণে মাদক আনছে দেশে।

একইভাবে মিয়ানমারে সারের দামও অস্বাভাবিক বেড়েছে। দেশটিতে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সার বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ ৫০ হাজার কিয়াট (প্রায় ৯ হাজার টাকা) এবং ডিএপি সার প্রায় ১ লাখ ৩৮ হাজার কিয়াট (প্রায় সাড়ে ৮ হাজার টাকা) পর্যন্ত। অথচ বাংলাদেশে এক বস্তা ইউরিয়া সারের দাম ১৩৫০ টাকা এবং ডিএপি সারের বস্তা ১০৫০ টাকা।

ফলে বাংলাদেশের বিভিন্ন কারখানায় উৎপাদিত সারও পাচারের ঝুঁকিতে পড়েছে। বিশেষ করে চট্টগ্রামের সিইউএফএল, কাফকো ও ডিএপি সার কারখানার উৎপাদিত সারের একটি অংশ সীমান্ত দিয়ে মিয়ানমারে চলে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিয়ে সার সরবরাহ করায় দেশের বাজারে এসব পণ্যের দাম নিয়ন্ত্রিত থাকে। কিন্তু মিয়ানমারে যুদ্ধ, বৈদেশিক মুদ্রার সংকট এবং আমদানি ব্যবস্থার দুর্বলতার কারণে এসব পণ্যের দাম কয়েকগুণ বেড়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে পাচারকারীরা সীমান্তে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ২০২৪ সালের শেষ দিকে আরাকান আর্মি বাংলাদেশ-সংলগ্ন মিয়ানমার সীমান্তের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। বৈধ বাণিজ্য কমে গেলেও বেড়েছে অনানুষ্ঠানিক বাণিজ্য ও চোরাচালানের প্রবণতা। একই সঙ্গে সীমান্তে মাদক, অস্ত্র ও মানবপাচারের পাশাপাশি বিভিন্ন পণ্য পাচারের ঘটনাও বেড়েছে।

স্থানীয়রা বলছেন, পাচারকারীরা সাধারণত গভীর রাতে ছোট কার্গো নৌকা, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার ব্যবহার করে। উপকূলের নির্জন ঘাট থেকে এসব পণ্য তুলে নাফ নদী বা সমুদ্রপথে রাখাইনের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয়। অনেক সময় বৈধ জেলেদের নৌযানও এ কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।

সার ও সিমেন্ট পাচারের কয়েকটি ঘটনা

সবশেষ গত ১০ নভেম্বর চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার কেজি সিমেন্ট জব্দ করে কোস্টগার্ড। সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা মূল্যের এ সিমেন্ট উদ্ধার করা হয়। বোটসহ আটক হন পাঁচজন।

 

কোস্টগার্ডের হাতে আটক পাচারকারী/ছবি: কোস্টগার্ড
 
কোস্টগার্ডের হাতে আটক পাচারকারী/ছবি: কোস্টগার্ড

 

গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করে কোস্টগার্ড, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। গত ২৫ সেপ্টেম্বর দিনগত রাত ১টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়ে অভিযান চালিয়ে ৯৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করে কোস্টগার্ড। ট্রাক থেকে ফিশিং বোটে সার স্থানান্তরের সময় তিনজনকে আটক করা হয়। এ সারের আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

এ ছাড়া গত ৯ সেপ্টেম্বর দিনগত রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন ট্রাক থেকে ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে কোস্টগার্ড, যার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৫০ হাজার টাকা।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামে বোট দুটি আটক করা হয়। বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭৫০ বস্তা বাংলাদেশি সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় আটক হন চোরাচালানের সঙ্গে জড়িত ২৩ জন।

 

গত ১৯ এপ্রিল রাতে সেন্টমার্টিনের অদূরে অভিযান চালিয়ে আরও ৮৫০ বস্তা সিমেন্টসহ একটি ইঞ্জিনচালিত কাঠের বোট আটক করে নৌবাহিনী। গত ৪ জুন রাতে সেন্টমার্টিনের অদূরে অভিযান চালিয়ে পাঁচটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিংবোট, ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট এবং পাচারচক্রের ৫২ সদস্যকে আটক করে নৌবাহিনী।

পাচারের জন্য কোথাও ট্রাক থেকে কার্গো বা ফিশিং বোটে পণ্য স্থানান্তর করা হচ্ছে, আবার কোথাও সরাসরি নৌযানে করে গভীর সমুদ্রের দিকে নেওয়া হচ্ছে বলে অভিযান সূত্রে জানা যায়।

সার পাচার রোধে সীমান্তে নজরদারি বাড়ানোর তাগিদ কৃষিমন্ত্রীর

গত ৫ নভেম্বর এক অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, সরকারের বরাদ্দ করা সার যেন প্রকৃত কৃষকরাই ব্যবহার করেন, তা নিশ্চিত করতে হবে। কোনো দুষ্টু লোক যেন এই সার অপচয় করতে বা দেশের বাইরে পাচার করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

মন্ত্রী বলেন, দেশের কিছু সীমান্তবর্তী এলাকায় নির্দিষ্ট কয়েক ধরনের সারের সংকট দেখা যাচ্ছে। প্রতিবেশী দেশে এসব সারের দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অনুরোধ করা হয়েছে।

 

আটক কাঠের বোট
 
আটক কাঠের বোট

 

টেকনাফের একটি ইউনিয়নের ওয়ার্ড সদস্য নাম না প্রকাশের শর্তে জাগো নিউজকে বলেন, সাধারণ লোকজনকে অর্থের লোভ দেখিয়ে চিহ্নিত ইয়াবা ও মানবপাচার কারবারিরা সার পাচার করছে। আরাকান আর্মি মিয়ানমার সীমান্ত দখলের পর তাদের মুদ্রা আমাদের এখানে চলে না। এ কারণে তারা আমাদের পণ্য নিয়ে গিয়ে মাদক দেয়। এই সুযোগ কাজে লাগাচ্ছে চিহ্নিত পাচারকারীরা।

সার পাচারের পেছনে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত নই: ওসি

মিয়ানমারের আরাকান অঞ্চল মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকায় সেখানে কৃষিকাজের জন্য বাংলাদেশের দিক থেকে সার নেওয়া হতে পারে। তবে সার পাচারের পেছনে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।-উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জাগো নিউজকে বলেন, ‘মিয়ানমারের আরাকান অঞ্চল মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন থাকায় সেখানে কৃষিকাজের জন্য বাংলাদেশের দিক থেকে সার নেওয়া হতে পারে। তবে সার পাচারের পেছনে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।’

সার ও সিমেন্ট পাচারের সঙ্গে মাদক আসার সম্পর্ক প্রসঙ্গে ওসি জানান, তারা প্রায়ই ইয়াবা উদ্ধার করেন।

 

পাচারের তথ্য
 
পাচারের তথ্য

 

আটকদের জিজ্ঞাসাবাদে মাদক পাচারের ‘বিনিময় প্রথা’ সম্পর্কে কী তথ্য পাওয়া যায়, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, অনেক ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হয়।

তবে সার বা সিমেন্টের বিনিময়ে ইয়াবা আসার বিষয়টিও উড়িয়ে দেননি তিনি।

গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে: কোস্টগার্ড

কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জাগো নিউজকে বলেন, ‘গত ১ এপ্রিল থেকে ১ অক্টোবর পর্যন্ত মিয়ানমারে পাচারের সময় জব্দ করা হয়েছে ৮ লাখ ১২ হাজার ৯৫০ কেজি সিমেন্ট এবং ৩ লাখ ৭৭ হাজার ৫৫০ কেজি সার। এসব চোরাচালানের ঘটনায় ২৬২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে ৪১টি।’

উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সমুদ্রপথে সার, সিমেন্টসহ সব ধরনের চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। চোরাচালান প্রতিরোধে ঝুঁকিপূর্ণ রুটগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ঘাটে টহল বাড়ানো হয়েছে।-কোস্টগার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন

তিনি বলেন, ‘উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সমুদ্রপথে সার, সিমেন্টসহ সব ধরনের চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। চোরাচালান প্রতিরোধে ঝুঁকিপূর্ণ রুটগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ঘাটে টহল বাড়ানো হয়েছে।’

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, ‘সার্বক্ষণিক টহল, গোয়েন্দা নজরদারি, তথ্যভিত্তিক বিশেষ অভিযান ও আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে কাজ করছে কোস্টগার্ড। এ ছাড়া অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সন্দেহজনক নৌযানে তল্লাশি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও সীমান্তবর্তী জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও অভিযান এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

বাড়িতে মজুত করে পরে পাচার: ইউএনও

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জাগো নিউজকে বলেন, ‘বাংলাদেশে সারের ওপর সরকারের ভর্তুকি থাকায় এখানকার তুলনায় মিয়ানমারে এর দাম বেশি। মিয়ানমারের কৃষকরা বেশি দামে সার কিনতে আগ্রহী হওয়ায় একশ্রেণির অসাধু ব্যক্তি বাংলাদেশ থেকে সার পাচারের চেষ্টা করছে। তবে সাম্প্রতিক সময়ে এ প্রবণতা অনেকটাই কমেছে।’

পাচারের জন্য আনা সার চট্টগ্রাম, রামু, কক্সবাজার সদর, টেকনাফ ও নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে। অসাধু ব্যক্তিরা কৃষক সেজে কিংবা একই পরিবারের একাধিক সদস্যের মাধ্যমে অল্প অল্প করে সার সংগ্রহ করে কোনো একটি বাড়িতে মজুত করেন। পরে সেগুলো সীমান্ত দিয়ে পাচার হয়।-উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার

উখিয়ায় এ পর্যন্ত সারের অবৈধ পাচার সংক্রান্ত কয়েকটি অভিযান চালানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে মাত্র একটি ঘটনায় উখিয়ার একজন সার ডিলারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্য ঘটনাগুলোতে দেখা গেছে, পাচারের জন্য আনা সার চট্টগ্রাম, রামু, কক্সবাজার সদর, টেকনাফ ও নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে। অসাধু ব্যক্তিরা কৃষক সেজে কিংবা একই পরিবারের একাধিক সদস্যের মাধ্যমে অল্প অল্প করে সার সংগ্রহ করে কোনো একটি বাড়িতে মজুত করেন। পরে সেগুলো সীমান্ত দিয়ে পাচার হয়।’

 

সারের বিনিময়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক প্রবেশের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্ত ও নৌপথ ব্যবহার করে মাদক প্রবেশ ঠেকাতে বিজিবি, কোস্টগার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোও বিভিন্ন সময়ে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে তথ্য রয়েছে। এ ধরনের অপরাধ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’

ইউএনও পান্না আক্তার আরও বলেন, ‘মাদক কারবারের সঙ্গে জড়িত বড় ব্যবসায়ীরা সাধারণত সরাসরি মাঠে থাকেন না। তারা বিভিন্ন লোকজনকে ব্যবহার করে ব্যবসা পরিচালনা করেন। এ কারণে মূল হোতাদের শনাক্ত করতে সিআইডি আর্থিক অনুসন্ধান চালাচ্ছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিদের সম্পদের হিসাব-নিকাশও খতিয়ে দেখা হচ্ছে। এ কাজে উপজেলা প্রশাসন ও ভূমি অফিস গোপনীয়তা বজায় রেখে সিআইডিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করছে।’

মাদক নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ‘মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে। তাদের সঙ্গে আত্মীয়তা কিংবা সামাজিক সম্পর্ক না রাখার মতো সম্মিলিত উদ্যোগ গড়ে উঠলে মাদকবিরোধী লড়াই আরও কার্যকর হবে।’