Image description

একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি হলো— আইনের শাসন এবং নাগরিকদের মৌলিক অধিকারের সাংবিধানিক নিশ্চয়তা। সমাজে শান্তি, শৃঙ্খলা ও সুবিচার অক্ষুণ্ন রাখতে পুলিশ বাহিনীকে সাধারণ জনগণের সবচেয়ে বড় আস্থার প্রতীক হওয়ার কথা। তবে ঐতিহাসিক পটপরিবর্তন ও সাম্প্রতিক নির্বাচনের পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে পুলিশ বাহিনীর আচরণে যে চিত্র ফুটে উঠেছে, তা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত।

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাগুলো, যেমন- আইন ও সালিশ কেন্দ্র (আসক), অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের ক্ষমতার অব্যাহত অপব্যবহার, কাঠামোগত দুর্বলতা এবং মৌলিক মানবাধিকার হরণের এক অত্যন্ত উদ্বেগজনক চিত্র বিস্তারিতভাবে প্রকাশিত হয়েছে। রাজনৈতিক পালাবদলের পর শাসনব্যবস্থায় প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও কাঠামোগত সংস্কারের দাবি জোরদার হলেও মাঠপর্যায়ে নিবর্তনমূলক সংস্কৃতির অবসান ঘটেনি, বরং তা নানা মাত্রায় নতুন করে বিস্তার লাভ করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো— বিচারবহির্ভূত নিপীড়ন ও সাদা পোশাকে গুমের অপসংস্কৃতির পুনরুত্থান। অতীতে সাদা পোশাকে নাগরিকদের তুলে নেওয়ার যে ভয়াবহ প্রবণতা জনমনে চরম আতঙ্ক তৈরি করেছিল, নির্বাচন-পরবর্তী সময়েও তার পুনরাবৃত্তি লক্ষ করা যাচ্ছে।

মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ও ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’-এর দীর্ঘমেয়াদি পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বিগত দেড় দশকে সাড়ে ছয় শতাধিক ব্যক্তি বলপূর্বক গুমের শিকার হয়েছেন এবং প্রতি বছর গড়ে অর্ধশতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহৃত বা নিখোঁজ হন।

নির্বাচন-উত্তর প্রেক্ষাপটেও বিভিন্ন রাজনৈতিক দল ও ভিন্নমতাবলম্বী পরিবারগুলোর পক্ষ থেকে অনুরূপ অভিযোগের ধারাবাহিকতা বজায় রয়েছে। বিশেষ করে ২০২৬ সালে সাধারণ নাগরিক মিরাজ শেখকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর দীর্ঘ সময় ধরে নিখোঁজ রাখা এবং সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে তা অস্বীকার করার ঘটনাটি প্রমাণ করে যে, গুমের এই ধারাবাহিক ছক এখনো অব্যাহত রয়েছে।

 

সাম্প্রতিক সময়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) ছাড়াও কোস্ট গার্ডের মতো বাহিনীর সদস্যদের মধ্যেও নাগরিকদের তুলে নিয়ে গুম করার উদ্বেগজনক প্রবণতা নতুন করে দৃশ্যমান হয়েছে।

এই কাঠামোগত বিচারহীনতাকে আইনগতভাবে আরও উসকে দেওয়া হয়েছে নতুন আইন প্রণয়নের মাধ্যমে। বিরোধী দলের ওয়াকআউটের মধ্যেই সংসদে ‘বলপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’ পাস করা হলেও তা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই আইনে আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে ওঠা গুমের অভিযোগ তদন্তের ভার কোনো স্বাধীন সংস্থার হাতে দেওয়া হয়নি।

আইনের ১৪(৩) ধারা অনুযায়ী অভিযুক্ত সংস্থা ছাড়া অন্য কোনো সংস্থা বা যৌথ তদন্ত দলকে দায়িত্ব দেওয়ার কথা বলা হলেও, বাহিনীগুলোর রাজনৈতিক ব্যবহার ও পক্ষপাতদুষ্ট তদন্তের ঐতিহাসিক প্রেক্ষাপটে এমন ব্যবস্থা কোনোভাবেই নিরপেক্ষ হতে পারে না। উপরন্তু, আইনের ২১ ধারায় তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীকে সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এর ফলে গুমের শিকার পরিবারগুলো আইনি প্রতিকার চাইতে নিরুৎসাহিত হবে এবং গুমের অপসংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নেওয়ার পথ সুগম হয়েছে। এর পাশাপাশি গভীর রাতে বাড়ি বা কর্মস্থল থেকে ব্যক্তিদের তুলে নিয়ে যাওয়া এবং প্রাথমিক পর্যায়ে সংশ্লিষ্ট থানা বা কার্যালয় থেকে আটকের বিষয়টি অস্বীকার করার ঘটনা নাগরিকের ব্যক্তিস্বাধীনতাকে সরাসরি বিপন্ন করে তুলেছে।

ভুক্তভোগী পরিবারগুলো থানায় গেলে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ না করে কালক্ষেপণ করা হয় এবং পরবর্তীতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর পুরোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এই দীর্ঘসূত্রতা এবং প্রাথমিক অস্বীকারের প্রবণতা প্রমাণ করে যে, ফৌজদারি কার্যবিধির নির্ধারিত ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার আইনি বাধ্যবাধকতা এবং সংবিধানের ৩৩ অনুচ্ছেদ মাঠপর্যায়ে নিয়মিতভাবে লঙ্ঘিত হচ্ছে।

আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পর্যায় থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার মানসিকতা এই সংকটকে আরও গভীর করে তোলে। কোনো দায়িত্বশীল পর্যায় থেকে যখন ‘সরকার অনুমতি দিলে পুলিশ ক্রসফায়ার করবে’—এমন বক্তব্য বা ইঙ্গিত আসে, তা মানবাধিকারের সর্বজনীন নীতি, সাংবিধানিক সুরক্ষা ও আইনের শাসনের ভিত্তিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়।

আসক ও অধিকারের পরিসংখ্যান অনুযায়ী, গত দেড় দশকে প্রায় তিন হাজার ব্যক্তি তথাকথিত ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’ বা এনকাউন্টারের নামে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। একই সাথে জনবিক্ষোভ দমন কিংবা অভিযান পরিচালনার নামে অতিরিক্ত প্রাণঘাতী বলপ্রয়োগের ফলে মেঠো প্রতিবাদে বা জীবিকার তাগিদে থাকা নিরীহ জেলেদের পর্যন্ত বুক পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়ার যে নির্মম দৃষ্টান্ত তৈরি হয়েছে, তা নাগরিকের বেঁচে থাকার সাংবিধানিক অধিকারকে সম্পূর্ণ পদদলিত করে।

‘ক্রসফায়ার’ মূলত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একটি বেআইনি রূপ, যার ‘অনুমতি’ দেওয়ার কোনো বৈধ সাংবিধানিক ক্ষমতা কোনো সরকার বা নির্বাহী কর্তৃপক্ষের থাকতে পারে না। শীর্ষ পর্যায় থেকে আসা এ ধরনের অবস্থান বিচার বিভাগের স্বাধীন অস্তিত্ব ও ক্ষমতার পৃথকীকরণ নীতিকে সরাসরি অস্বীকার করে পুলিশকে একাধারে অভিযোগকারী, বিচারক ও দণ্ড কার্যকরকারী হিসেবে দাঁড় করিয়ে দেয়। একই সাথে এটি মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে চরম বিচারহীনতার সংস্কৃতি ও বেআইনি বলপ্রয়োগকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়, যা সাধারণ নাগরিকের নিরাপত্তা নিঃশেষ করে তোলে।

এই বলপ্রয়োগের প্রবণতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে পুলিশের ক্রমবর্ধমান সামরিকীকরণ। অতীতে ক্ষমতার পরিবর্তনের সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া হলেও, বাস্তবে র‍্যাব বিলুপ্তির অজুহাতে সংসদে বিল পাস করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামের একটি নতুন ইউনিট গঠন করা হয়েছে। নতুন প্রতিষ্ঠিত এই এসআরবি প্রকৃতপক্ষে র‍্যাবের প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা ও আগ্রাসী বৈশিষ্ট্যগুলোই হুবহু ধারণ করে কার্যত আরেকটি র‍্যাব হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বেসামরিক আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতের বদলে বাহিনীকে ভারী যুদ্ধাস্ত্র, সাঁজোয়া যান, প্রাণঘাতী শটগান ও স্নাইপার রাউন্ডে সজ্জিত করার অপসংস্কৃতি অব্যাহত রয়েছে। ঔপনিবেশিক ধাঁচের কমান্ড কাঠামো এবং বিশেষায়িত কমান্ডো প্রশিক্ষণের মানসিকতা সাধারণ জনবিক্ষোভ বা রাজনৈতিক সমাবেশকে যুদ্ধক্ষেত্র এবং নিজস্ব নাগরিকদের শত্রুপক্ষ হিসেবে গণ্য করার প্রবণতা বাড়িয়েছে। ফলে মাঠপর্যায়ে সর্বনিম্ন বলপ্রয়োগের আন্তর্জাতিক পুলিশিং নীতিমালা সম্পূর্ণ উপেক্ষিত হচ্ছে।

হেফাজতে শারীরিক নির্যাতন ও অমানবিক আচরণ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির আরেকটি অন্ধকার দিক। সংবিধানে নাগরিককে নিষ্ঠুর ও অমানবিক শাস্তি থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি ২০১৩ সালে ‘হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ) আইন’ প্রণয়ন করা হলেও বাস্তবে এর প্রয়োগ অত্যন্ত সীমিত। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, এক দশকের বেশি সময়ে এই আইনের অধীনে দায়ের হওয়া মামলার সংখ্যা দুই শতাধিকও পার হয়নি, যার পেছনে বড় কারণ হলো পুলিশের বিরুদ্ধে মামলা করতে গেলে পরিবারগুলোর ওপর নেমে আসা হুমকি ও প্রশাসনিক বাধা। রিমান্ডের সময় স্বীকারোক্তি আদায়ে উল্টো করে ঝুলিয়ে পেটানো, বুট দিয়ে আঘাত কিংবা সংবেদনশীল অঙ্গে বৈদ্যুতিক শক দেওয়ার মতো অভিযোগ নিয়মিত উঠে আসে।

কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই নয়, বহু ক্ষেত্রে চাঁদাবাজি ও আর্থিক সুবিধা আদায়ের লক্ষ্যেই নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। এমনকি রিমান্ডে নেওয়া ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে ঘুমাতে না দেওয়া, হাত-পা বেঁধে মেঝেতে ফেলে মধ্যযুগীয় কায়দায় লাঠিপেটা করা এবং বন্দিদের স্বজনদের সঙ্গে দেখা করানোর বিনিময়ে পুলিশ কর্মকর্তাদের কয়েক হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত দাবি করার অভিযোগ রয়েছে। এই দাবি পূরণে ব্যর্থ হলে আসামির ওপর শারীরিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়।

রাজনৈতিক প্রতিপক্ষ বা ভিন্নমতের বন্দিদের অবমাননাকর পরিবেশে আটকে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে স্থায়ীভাবে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়ার ঘটনাগুলো প্রশাসনিক অভ্যাসে পরিণত হয়েছে, যার পেছনে কার্যকর বিভাগীয় বা বিচার বিভাগীয় শাস্তির অনুপস্থিতিই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

একই ধারায় যুক্ত হয়েছে পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলো। আটকের পর থানা হাজত, গোয়েন্দা কার্যালয় কিংবা কারাগারে বন্দির মৃত্যু হলে প্রায়শই সেগুলোকে ‘হৃদরোগে আক্রান্ত হওয়া’ অথবা ‘হাজতখানার গ্রিলে পরনের লুঙ্গি বা চাদর পেঁচিয়ে আত্মহত্যা’ হিসেবে দায়সারা ব্যাখ্যা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা লক্ষ্য করা যায়। মানবাধিকার তথ্যভাণ্ডার অনুযায়ী, দেশে প্রতি বছর আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হেফাজতে গড়ে ২০ থেকে ৩০ জনের রহস্যজনক মৃত্যু রেকর্ড করা হয়, যার সিংহভাগ ক্ষেত্রেই পরিবারগুলো সরাসরি শারীরিক নির্যাতনের অভিযোগ তোলে। পিরোজপুর বা যশোরের মতো ঘটনাগুলোতে যেখানে খোদ থানার ভেতরে শারীরিক নির্যাতনের সুস্পষ্ট অভিযোগ ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও মামলা গ্রহণে পুলিশের সরাসরি অস্বীকৃতি প্রকাশ পেয়েছে, সেখানে নাগরিকের বিচার পাওয়ার অধিকার পুরোপুরি রুদ্ধ হয়ে যায়।

আইন অনুযায়ী কোনো বন্দির মৃত্যুর পর নিরপেক্ষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে তাৎক্ষণিক সুরতহাল ও স্বাধীন ময়নাতদন্ত নিশ্চিত করার বিধান থাকলেও, বাস্তবে অধিকাংশ ক্ষেত্রে পুলিশের নিজস্ব বয়ান অনুযায়ী তদন্তের গতিপথ পরিবর্তন করা হয়।

কারাগার ও কারাবন্দিদের মানবাধিকার পরিস্থিতিও চরম সংকটের মুখে পড়েছে। নির্বাচনোত্তর পরিস্থিতিতে গণগ্রেফতারের কারণে দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশের ৭৫টি কারাগারে মোট ৪৩,১৫৭ জন বন্দির ধারণক্ষমতা থাকলেও ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর নাগাদ বন্দির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ১০২ জনে, যা মোট ক্ষমতার আড়াই গুণেরও বেশি।

কারাগারে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রাখা, ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং উপযুক্ত চিকিৎসার অভাবে বন্দিমৃত্যু আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে; এমনকি কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থান থেকে কারাবন্দিদের হেফাজতে নির্যাতন করে হত্যার অভিযোগ পর্যন্ত পাওয়া গেছে।

তদুপরি, ২০১৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছিলেন যে, হাসপাতালে চিকিৎসাধীন কোনো অসুস্থ বন্দিকে হাতকড়া বা ডান্ডাবেড়ি পরিয়ে রাখা যাবে না এবং অভিযুক্ত হলেও তার মানবিক মর্যাদা রক্ষা করতে হবে। অথচ সেই রায়কে সম্পূর্ণ অমান্য করে গুরুতর অসুস্থ বন্দিদেরও হাসপাতালে চিকিৎসার সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার নিবর্তনমূলক প্রথা অব্যাহত রয়েছে।

পুলিশের এই ক্ষমতা প্রয়োগ, ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারার অপব্যবহার এবং নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যুগান্তকারী পর্যবেক্ষণ ও নির্দেশনাসমূহ দেশের সাংবিধানিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৯৮ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীম রেজা রুবেলকে ধারা ৫৪-তে গ্রেফতারের পর রিমান্ডে পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যার প্রেক্ষাপটে ঐতিহাসিক ব্লাস্ট বনাম বাংলাদেশ মামলায় হাইকোর্ট ডিভিশন ২০০৩ সালে একগুচ্ছ বাধ্যতামূলক নির্দেশনা জারি করেন, যা ২০১৬ সালে আপিল বিভাগ চূড়ান্তভাবে বহাল রাখেন।

এই রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেন যে, গ্রেফতারের সময় পুলিশ কর্মকর্তাকে অবশ্যই নিজস্ব পরিচয়পত্র প্রদর্শন করতে হবে, আটকের তাৎক্ষণিক কারণ লিপিবদ্ধ করে অ্যারেস্ট মেমো তৈরি করতে হবে এবং সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে আটক ব্যক্তির স্বজন বা আইনজীবীকে গ্রেফতারের স্থান ও কারণ লিখিতভাবে জানাতে হবে।

আটক ব্যক্তির সাথে তাঁর আইনজীবীর পরামর্শ করার সাংবিধানিক সুযোগ নিশ্চিত করার পাশাপাশি আদালত নির্দেশ দেন যে, পুলিশ চাইলেই ম্যাজিস্ট্রেট যান্ত্রিকভাবে রিমান্ড মঞ্জুর করতে পারবেন না; ডায়েরির অনুলিপি এবং সুস্পষ্ট যৌক্তিক কারণ ব্যতীত রিমান্ডের আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল করতে হবে। আসামিকে শারীরিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ করে কাচের দেয়াল ঘেরা উন্মুক্ত কক্ষে আইনজীবীদের দৃষ্টিসীমার মধ্যে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয় এবং রিমান্ডের পূর্বে ও পরে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষার বিধান রাখা হয়।

এছাড়া সাইফুদ্দিন বনাম রাষ্ট্র মামলায় আদালত স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ধারা ৫৪ কোনো অবাধ লাইসেন্স নয়, যুক্তিসঙ্গত বিশ্বাস ও বাস্তবসম্মত সন্দেহ ছাড়া নিছক অনুমানের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করা সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থী। বাংলাদেশ বনাম ওবায়দুল্লাহ মামলাতেও স্মরণ করিয়ে দেওয়া হয় যে রিমান্ড কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয় এবং হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটলে তা দণ্ডবিধির ৩০২ ধারা বা নির্যাতন নিবারণ আইনের আওতায় সরাসরি হত্যা মামলা হিসেবে গণ্য হবে।

বাস্তবতায় নির্বাচন-উত্তর বাংলাদেশে সুপ্রিম কোর্টের এই বাধ্যতামূলক নির্দেশনাগুলোর চরম লঙ্ঘন দেখা যাচ্ছে, যেখানে মাঠপর্যায়ে সাদা পোশাকে আটক, স্বজনদের অবহিত না করা এবং ম্যাজিস্ট্রেটদের দ্বারা রুটিনমাফিক রিমান্ড মঞ্জুর করার চর্চা উচ্চ আদালতের অবমাননার নামান্তর হয়ে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির আলোকে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি ও বিচারিক বাস্তবতার তুলনামূলক বিশ্লেষণ করলে এই ব্যত্যয়ের পরিধি আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের ৩ অনুচ্ছেদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদের (আইসিসিপিআর) অনুচ্ছেদ ৬(১) অনুযায়ী প্রত্যেকের বেঁচে থাকার অন্তর্নিহিত অধিকার রয়েছে এবং কাউকে খেয়ালখুশিমতো জীবন থেকে বঞ্চিত করা যায় না। তদুপরি, আইসিসিপিআর-এর ১৪(২) অনুচ্ছেদ এবং সার্বজনীন ঘোষণাপত্রের ১১(১) অনুচ্ছেদ দ্ব্যর্থহীনভাবে নির্দোষতার পূর্বানুমান নিশ্চিত করে, যেখানে প্রকাশ্য আদালতে বিধিবদ্ধ প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা নিষিদ্ধ। অথচ বিচারবহির্ভূত ক্রসফায়ারের মাধ্যমে কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই নাগরিকদের হত্যা করে সংবিধানের ৩২ অনুচ্ছেদের জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষাকে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে।

একইভাবে জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদের (সিএটি) ২ অনুচ্ছেদ অনুযায়ী কোনো যুদ্ধাবস্থা বা জরুরি অবস্থাও নির্যাতনকে ন্যায্যতা দিতে পারে না এবং ১৫ অনুচ্ছেদ অনুযায়ী নির্যাতনের মাধ্যমে প্রাপ্ত কোনো স্বীকারোক্তি আদালতে সাক্ষ্য হিসেবে অগ্রহণযোগ্য। সর্বজনীন ঘোষণাপত্রের ৫ অনুচ্ছেদ এবং নাগরিক সনদের ৭ অনুচ্ছেদের এই নির্দেশ উপেক্ষা করে অভ্যন্তরীণ নির্যাতন নিবারণ আইনকে পাশ কাটিয়ে রিমান্ডে স্বীকারোক্তি আদায়ের অবৈধ চর্চা বজায় রাখা হয়েছে। এছাড়া কাউকে খেয়ালখুশিমতো আটক না করার যে বিধান সর্বজনীন ঘোষণাপত্রের ৯ অনুচ্ছেদ এবং নাগরিক সনদের ৯ অনুচ্ছেদে নিশ্চিত করা হয়েছে, দীর্ঘ সময় অনানুষ্ঠানিক হেফাজতে রেখে পুরোনো মামলায় গ্রেফতার দেখানোর মাধ্যমে তার সরাসরি ব্যত্যয় ঘটছে।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে পুলিশের রাজনৈতিক আনুগত্য ও ক্ষমতার অপব্যবহারের আরেকটি প্রাতিষ্ঠানিক রূপ প্রকাশ পেয়েছে নির্বিচার ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার মধ্য দিয়ে। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে কিংবা গ্রেফতার-বাণিজ্য চালাতে গিয়ে গায়েবি বা নাশকতা মামলাগুলোতে কয়েকশ নামধারী আসামির পাশাপাশি হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার এক অপকৌশল দীর্ঘদিন ধরে চলে আসছে। এই অজ্ঞাতনামা আসামি রাখার চর্চা পুলিশকে যাকে ইচ্ছা তাকে তুলে এনে মামলাটির সঙ্গে জুড়ে দেওয়ার এক অবাধ লাইসেন্স প্রদান করে।

প্রকৃত আসামিকে গ্রেফতার করতে ব্যর্থ হয়ে নিরপরাধ পরিবারের ওপর যৌথ শাস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে; সত্তরোর্ধ্ব বৃদ্ধ পিতা কিংবা নারী সদস্যদের আটক করে বিশেষ ক্ষমতা আইনের ১৫৪ ধারায় আদালতে পাঠিয়ে দেওয়া এর বড় প্রমাণ।

সাম্প্রতিক সময়ে একাধিক স্কুল ও কলেজপড়ুয়া কিশোরকে গ্রেফতারের পর তাদের জন্মনিবন্ধন উপেক্ষা করে পুলিশের নথিতে বয়স বাড়িয়ে দেখিয়ে সন্ত্রাসবিরোধী বা বিস্ফোরক আইনের মামলায় রিমান্ডে নেওয়ার ঘটনা উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে।

দুর্বল বিচারিক কাঠামো এবং তদন্তব্যবস্থার মারাত্মক ত্রুটির কারণে নিরপরাধ ব্যক্তির ফাঁসির কাষ্ঠে যাওয়ার ঝুঁকি কতটা প্রকট, তা সম্প্রতি উন্মোচিত হয়েছে সোনা মিয়ার চাঞ্চল্যকর ঘটনায়। পরিচিত ব্যক্তি রমজান ইয়াবাসহ ধরা পড়ে নিজের নামের বদলে সোনা মিয়ার নাম-ঠিকানা দিলে পুলিশি তদন্তের চরম গাফিলতিতে আসল অপরাধীর জায়গায় নির্দোষ সোনা মিয়াকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দেন। প্রায় দুই মাস কনডেম সেলে মৃত্যুর প্রহর গোনার পর ২০২৬ সালের ১৪ আগস্ট প্রকৃত সোনা মিয়া জামিনে মুক্তি পান। তদন্তের এই ভয়াবহ অবহেলা ও ভুল বিচারিক প্রক্রিয়া নাগরিকের বেঁচে থাকার মৌলিক অধিকারকে চরম অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে।

সাইবার ক্ষেত্রকে নিয়ন্ত্রণে আনতে বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন এবং সাইবার নিরাপত্তা আইনের একের পর এক সংশোধন নাগরিক নজরদারিকে চূড়ান্ত রূপ দিয়েছে। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক প্রস্তাবিত ‘সাইবার নিরাপত্তা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় অস্পষ্ট সংজ্ঞা ও ব্যাখ্যার সুযোগ রাখা হয়েছে, যা ক্ষমতাসীনদের খেয়ালখুশিমতো ব্যাখ্যার সুযোগ করে দিয়ে ভিন্নমত ও বাকস্বাধীনতাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

বিশেষায়িত সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নীতি, দুর্নীতি কিংবা নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে সমালোচনা করায় সাধারণ মানুষ ও অনলাইন অ্যাক্টিভিস্টদের সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় ঢালাওভাবে গ্রেফতার করা হচ্ছে।

একই সাথে সংবেদনশীল অপরাধ তদন্তের ক্ষেত্রে পেশাদারিত্বের চরম অভাব ও ব্যক্তিগত গোপনীয়তা হরণের নজিরও দৃশ্যমান। বিশেষ করে তাহসিফ সাউরি বা অনুরূপ চাঞ্চল্যকর ঘটনাগুলোতে তদন্ত চলাকালীন সময়েই পুলিশ কর্মকর্তাদের মাধ্যমে অভিযুক্তের ব্যক্তিগত স্পর্শকাতর ডিজিটাল ডিভাইস থেকে পাওয়া অডিও, ভিডিও বা তথাকথিত স্বীকারোক্তিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার নজির তৈরি হয়েছে।

কোনো মামলার আনুষ্ঠানিক তদন্ত শেষ হওয়ার আগেই কিংবা আদালতে অভিযোগপত্র দাখিলের আগেই ভিডিও কনটেন্ট আকারে খণ্ডিত বয়ান প্রচারের ফলে জনমনে অনাকাঙ্ক্ষিত মিডিয়া ট্রায়াল তৈরি হয়, যা অভিযুক্ত ও ভুক্তভোগী উভয়ের ব্যক্তিমর্যাদাকে ধূলিসাৎ করে এবং সংবিধানের অনুচ্ছেদ ৩১ ও ৪৩-এ প্রদত্ত নাগরিকের সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তার অধিকারকে সরাসরি লঙ্ঘন করে।

নাগরিকের চলাচলের স্বাধীনতা খর্ব করার ক্ষেত্রেও আইন প্রয়োগকারী সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। নির্বাচন-উত্তর বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক নারী মানবাধিকার কর্মীদের বিদেশযাত্রায় বাধার মোট সংখ্যা নিয়ে জাতীয় বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সমন্বিত পরিসংখ্যান বা তালিকা প্রকাশ না হলেও বিমানবন্দরে অলিখিত বাধার ঘটনা নিয়মিত ঘটছে।

সাতক্ষীরার নারী অধিকারকর্মী শম্পা গোস্বামীর মতো সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে অলিখিত ভ্রমণ নিষেধাজ্ঞার ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বের সাথে নথিভুক্ত হয়েছে; ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক সম্মেলনে যাওয়ার পথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে কোনো লিখিত কারণ ছাড়াই আটকে দেওয়া হয়, যার বিরুদ্ধে তিনি পরবর্তীকালে হাইকোর্টে রিট দায়ের করেন এবং ফ্রন্ট লাইন ডিফেন্ডারসের মতো বৈশ্বিক সংস্থাগুলো এর তীব্র নিন্দা জানায়।

এছাড়া ২০২৬ সালেই বৈধ পাসপোর্ট, টিকিট, হোটেল বুকিং ও সব প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তিনজন প্রাপ্তবয়স্ক নারীকে নেপাল যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কোনো সুনির্দিষ্ট বা লিখিত কারণ ছাড়া এভাবে বিদেশযাত্রায় বাধা দেওয়া সংবিধানের ৩৬ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক সনদে নিশ্চিত করা নাগরিকের অবাধ চলাচলের স্বাধীনতার চরম লঙ্ঘন।

একইভাবে নাগরিকের বাকস্বাধীনতা, মুক্তচিন্তা এবং সমাবেশের অধিকার হরণ করার ক্ষেত্রেও পুলিশ বাহিনীকে নির্বাহী ক্ষমতার হাতিয়ার হিসেবে কাজ করতে দেখা যায়। বিরোধী রাজনৈতিক দলের সভা-সমাবেশে হামলা ও বাধা দেওয়ার ঘটনা ঘটছে এবং পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা নির্মম শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন।

২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, শারীরিক হামলা ও হুমকির বহু অভিযোগ উঠেছে, যার সঙ্গে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং খোদ পুলিশ সদস্যরা জড়িত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষ কিংবা বিভিন্ন দলের অভ্যন্তরীণ সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা গুরুতর আহত হয়েছেন, যার প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিকদের মানববন্ধন করতে হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারব্যবস্থার ওপর জন-আস্থার চরম সংকটের কারণে দেশে মব ভায়োলেন্স বা গণপিটুনিতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে; চুরি, ছিনতাই, ডাকাতি বা ছেলেধরা সন্দেহে এমনকি ব্যক্তিগত শত্রুতার জেরে আইন নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যার মতো মধ্যযুগীয় বর্বরতা সমাজে নিয়মিত চিত্রে পরিণত হয়েছে।

অন্যদিকে, বর্তমান বাস্তবতায় গণমাধ্যম ও আইন প্রয়োগকারী সংস্থার পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তল্লাশি ও আইনি বাধ্যবাধকতার দিকটি স্পষ্ট করা প্রয়োজন।

প্রথমত, কোনো অভিযানে সাংবাদিকদের সাথে রাখা কিংবা লাইভ সম্প্রচারের কোনো আইনি সুযোগ পুলিশকে দেওয়া হয়নি। ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারা অনুযায়ী কোনো আবদ্ধ স্থানে তল্লাশি চালানোর সময় পুলিশকে অবশ্যই স্থানীয় অন্তত দুজন নিরপেক্ষ ও গণ্যমান্য অধিবাসীকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখতে হবে এবং তাঁদের উপস্থিতিতেই জব্দতালিকা তৈরি করে স্বাক্ষর নিতে হবে; সাংবাদিকরা কখনোই এই স্থানীয় সাক্ষীর বিকল্প হতে পারেন না।

দ্বিতীয়ত, কোনো সাংবাদিক বা গণমাধ্যম কার্যালয়ে তল্লাশি চালানোর ক্ষেত্রেও পুলিশকে ফৌজদারি কার্যবিধির কঠোর নিয়ম মানতে হয়। কার্যবিধির ৯৬ ও ৯৮ ধারা অনুযায়ী আদালতের সার্চ ওয়ারেন্ট নিয়ে কিংবা ১৬৫ ধারার অধীনে জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক লিখিত কারণ ডায়েরিতে লিপিবদ্ধ করে নিরপেক্ষ স্থানীয় সাক্ষীর উপস্থিতিতেই কেবল তল্লাশি চালানো সম্ভব। সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদে নিশ্চিত করা চিন্তা, বিবেক ও সংবাদপত্রের স্বাধীনতার সুরক্ষায় সাংবাদিকদের তথ্যের গোপনীয় সূত্র প্রকাশে চাপ দেওয়াও পুরোপুরি বেআইনি।

সার্বিকভাবে, নির্বাচন-পরবর্তী বাংলাদেশের পুলিশ বাহিনীর এই মানবাধিকার হরণমূলক আচরণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি, ১৮৬১ সালের ঔপনিবেশিক পুলিশ আইনের উত্তরাধিকার, বাহিনীর সামরিকীকরণ এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রাতিষ্ঠানিক অকার্যকারিতার সামগ্রিক ফসল। সম্প্রতি বিরোধী দলের ওয়াকআউটের মুখে সংসদে পাস হওয়া ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’ প্যারিস নীতিমালা মেনে তৈরি করা হয়নি।

আন্তর্জাতিক এই নীতিমালা অনুযায়ী মানবাধিকার কমিশনকে যে কোনো শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ স্বউদ্যোগে তদন্ত করার ক্ষমতা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও, নতুন আইনের ১৯ ধারায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, কমিশন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে স্বউদ্যোগে কোনো তদন্ত চালাতে পারবে না। সদস্য নিয়োগেও আন্তর্জাতিক গাইডলাইন উপেক্ষা করায় কমিশনটি অতীতের মতোই নির্বাহী বিভাগের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলো এবং দেশের সুপ্রিম কোর্টের অনুশাসন সত্ত্বেও আইন প্রয়োগকারী সংস্থার আচরণ সম্পূর্ণ বিপরীতমুখী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ কখনো বলপ্রয়োগের রাজনৈতিক ঢাল হতে পারে না। যদি পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করে সুপ্রিম কোর্টের নির্দেশনা ও নির্যাতন নিবারণ আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা না যায় এবং একটি স্বাধীন পুলিশ অভিযোগ কমিশন গঠনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তব্যবস্থা গড়ে তোলা না হয়, তবে গণতান্ত্রিক রূপান্তর এবং নাগরিকের মৌলিক অধিকারের সাংবিধানিক প্রতিশ্রুতি কাগুজে রূপেই সীমাবদ্ধ থাকবে।

লেখক: গবেষক ও মানবাধিকারকর্মী