Image description
রয়টার্সের প্রতিবেদন

ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠেন পোশাক শ্রমিক শিল্পী খাতুন। গ্যাস কেনার সামর্থ্য নেই পরিবারের। তাই প্রতিদিন মাটির চুলায় কাঠ জ্বালিয়ে রান্না করেন। এরপর ছুটতে হয় কারখানায়। ঢাকার উপকণ্ঠে শিল্পাঞ্চল গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন ২৭ বছর বয়সী এই নারী।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। স্বামী বেকার। তার আয়ের ওপর নির্ভরশীল নিজের মা-বাবা এবং শ্বশুর-শাশুড়িও। পাঁচ বছর ধরে পোশাকশিল্পে কাজ করেও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হচ্ছে না
পৃষ্ঠা শিল্পীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তার মতো হাজারো পোশাক শ্রমিকের একই দুর্দশা। এ পরিস্থিতিতে গত সপ্তাহে ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।

নিজের বাড়ির বাইরে দুপুরের খাবারের জন্য শাক সংগ্রহ করতে করতে শিল্পী বলেন, ‘এখন সবকিছুর দাম বেড়েছে। বাড়িভাড়া দ্বিগুণ হয়েছে, খাবারের দাম বেড়েছে। আমি যা আয় করি, মাস শেষ হওয়ার আগেই সব টাকা শেষ হয়ে যায়।’

 

মজুরি নিয়ে বাড়ছে অসন্তোষ: গত সপ্তাহের শ্রমিক অসন্তোষ একপর্যায়ে সহিংস রূপ নেয়। বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শত শত পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
৪ঠা নভেম্বর সরকারের মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো ১লা ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে সম্মত হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকরা জানুয়ারিতে প্রথম বেতন পাবেন। তবে মজুরি কতোটা বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কম শ্রমব্যয় বাংলাদেশের পোশাকশিল্পকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই কারণে বাংলাদেশ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে পণ্য উৎপাদনের অন্যতম পছন্দের জায়গা। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে এইচঅ্যান্ডএম, জারা, গ্যাপ, প্রাইমার্ক ও ওয়ালমার্ট। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ শিল্প থেকে। এতে কর্মসংস্থান হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষের।

তবে উৎপাদনকারীরা বলছেন, মজুরি ব্যাপকভাবে বাড়ানো হলে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় বাংলাদেশের উৎপাদন ব্যয়ের যে সুবিধা রয়েছে, তা কমে যাবে। জ্বালানির বাড়তি ব্যয়ের কারণে আগে থেকেই মুনাফার ওপর চাপ রয়েছে। নতুন করে বড় অঙ্কের মজুরি বৃদ্ধি সেই চাপ আরও বাড়াবে।

তাদের যুক্তি, মূল বেতনের পাশাপাশি শ্রমিকরা বছরে ৯ শতাংশ হারে ইনক্রিমেন্ট এবং দু’টি উৎসব বোনাস পান। ফলে উল্লেখযোগ্য হারে মজুরি বাড়ানোর সুযোগ সীমিত।

খাবার ও চিকিৎসা নিয়ে কঠিন সিদ্ধান্ত শ্রমিকদের: শিল্পী খাতুনের মতো শ্রমিকদের ভাষ্য, মজুরি যে হারে বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে তার চেয়ে অনেক বেশি। ফলে প্রতিদিনের খরচ কমাতে বাধ্য হচ্ছেন তারা। খাবার, চিকিৎসা ও সন্তানদের পড়াশোনার মতো মৌলিক প্রয়োজনেও কাটছাঁট করতে হচ্ছে।

শিল্পী বলেন, সবচেয়ে খারাপ দিনগুলোতে তার পরিবারকে মুড়ি খেয়েই দিন পার করতে হয়। স্বামীর সঙ্গে ছোট একটি টিনশেড ঘরে বসবাস করেন। শারীরিক সমস্যাগুলো দিন দিন বাড়লেও গত তিন বছরে একবারও চিকিৎসকের কাছে যেতে পারেননি।

পাঁচ বছরে তার বেতন কিছুটা বেড়েছে। কিন্তু জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারেনি সেই বৃদ্ধি। চাকরিতে যোগ দেয়ার সময় তার বেতন ছিল ৯ হাজার টাকা। এখন পান ১৩ হাজার ৫০০ টাকা। ওভারটাইমসহ মাসে আয় হয় প্রায় ১৬ হাজার টাকা। কিন্তু পরবর্তী বেতন পাওয়ার আগেই সেই অর্থ শেষ হয়ে যায় বলে জানান তিনি।

ঢাকার উপকণ্ঠে আশুলিয়ার একটি পোশাক কারখানায় সেলাই অপারেটর হিসেবে কাজ করেন ২৯ বছর বয়সী রোকসানা পারভীন। তিনি বলেন, ‘কিছু কেনার আগে, এমনকি খাবার কেনার ক্ষেত্রেও আমাকে দু’বার ভাবতে হয়। আমি জানি, আমার মেয়েদের আরও ভালো খাবার খাওয়া উচিত। কিন্তু আমার সেই সামর্থ্য নেই।’ দুই মেয়েকে নিয়ে রোকসানার সংসার। তাদের খাবারের তালিকায় বেশির ভাগ সময় থাকে ভাত ও সবজি। মাংস ও মাছ এখন তাদের নাগালের বাইরে। সংসারের খরচ কমাতে গিয়ে তার এক মেয়ের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে।