ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ বাস্তবায়ন ও সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ই নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণ কার্যক্রম নিয়েও আলোচনা হবে।
বৈঠকেই কোন ইউনিয়নে কোন দিন ভোট হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের প্রাথমিক পরিকল্পনা করেছে কমিশন। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় কমিশন সভায় চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। সভার আলোচ্যসূচিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রস্তুতির পাশাপাশি স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণের বিষয়টিও রাখা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, পাঁচ ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে আগামী ২১শে জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ঠা ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯শে এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ই মে এবং পঞ্চম ধাপে ২৭শে মে ভোটগ্রহণের কথা রয়েছে।
নির্বাচনের প্রথম ধাপে উপজেলা সদর ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেয়ার পরিকল্পনা রয়েছে। এ ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট হতে পারে। তবে কোন ইউনিয়ন কোন ধাপে এবং কবে নির্বাচনের আওতায় আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ১৬ই নভেম্বরের কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে একই সভায় স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার সংক্রান্ত বিষয়েও আলোচনা হবে। ফলে আসন্ন কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনা- দুই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসার অপেক্ষায় রয়েছে।