দেশব্যাপী সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। গতকাল বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় এ ঘটনা ঘটে।
সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি কৃষিমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে দু’টি কমিটি করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে। এরপর জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।
মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়। তার জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
হট্টগোল বাড়তে থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেয়ারও অধিকার রয়েছে। বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এরপর ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেবো। কিন্তু এভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন?
এরপর মন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখেন। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে, ভাগ্নি ও স্বজনরা পেয়েছেন সারের ডিলারশিপ:
সম্পূরক প্রশ্নে হাসনাত আবদুল্লাহ কয়েকটি সংবাদ শিরোনাম উল্লেখ করে বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপি’র ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপি’র। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।’ অভিযোগ রয়েছে, এক সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে এক ধরনের মহোৎসব হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা কোনো কোনো এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করেছেন বলেও অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি ২০০৯ সালে বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। কিন্তু এখন একই ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে তার অভিযোগ। কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ডিলারশিপে সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নিরা সুযোগ পেয়েছেন’।
আওয়ামী লীগের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবার সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে নিয়ম করা হয়েছিল কিনা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি জানতে চান, ডিলার নিয়োগে এই অনিয়ম সুপরিকল্পিত ছিল কিনা এবং নিয়োগগুলো আবার পর্যালোচনা করা হবে কিনা। পাশাপাশি সংসদ সদস্যদের নিজেদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি।
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দু’টি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।
মন্ত্রী বলেন, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেয়া ছিল। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ের কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছিল, নির্ধারিত নিয়ম অনুসরণ করেই যেন ডিলার নির্বাচন করা হয়।
তিনি বলেন, আবেদন পাওয়ার পর সেগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনও’র নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবেদন যাচাই বাছাই করে।
পরবর্তী সময়ে যাচাই বাছাই করা প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটি সেগুলো পর্যালোচনা করে তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করেছে। মন্ত্রী বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কোনো একজন ব্যক্তির একক স্বাক্ষরে এসব প্রস্তাব পাঠানো হয়নি।
চলতি বছরে সারে ভর্তুকি ১৭ হাজার কোটি টাকা: চলতি ২০২৬-২৭ অর্থবছরে সারের জন্য সরকার ভর্তুকি রেখেছে ১৭ হাজার কোটি টাকা। কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।
কৃষিমন্ত্রীর জবাবের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা তো সবাই কথা বলি। কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি সংযত হওয়া উচিত। মাননীয় সদস্য তার বক্তব্যে বলেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা এটা করেছেন। এটা সঠিক তথ্য নয়। তথ্যটি একেবারেই অসত্য।’
নুরুল ইসলাম মনি বলেন, এ ধরনের অভিযোগের কোনো প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও দিতে পারেন। প্রমাণ না থাকলে এ ধরনের অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান। সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সার একটি সংবেদনশীল পণ্য। এ বিষয়ে সংসদের সবাই একমত হয়েছিলেন যে, বিগত সরকারের সময়ে নিয়োগ দেয়া ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী যে প্রজ্ঞাপন জারি করেছেন, তাতে কোনো ভুলত্রুটি থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রয়োজন হলে প্রজ্ঞাপন পরিবর্তন করে এমন ব্যবস্থা নেয়া উচিত, যাতে সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করা সম্ভব হয়।