যশোরের কেশবপুরে রঞ্জন মণ্ডল হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। স্থানীয় এক পল্লী চিকিৎসকের চেম্বারে আটকে রেখে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়। পরে মোটরসাইকেলে করে বস্তাবন্দি মরদেহ নিয়ে নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পল্লী চিকিৎসক মিঠুন ধরসহ দুজনকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ইনজেকশনের প্যাকেট, নিহতের সোনার চেইন ও আংটি, মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের বিষ্ণুপদ ধরের ছেলে পল্লী চিকিৎসক মিঠুন ধর এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে আব্দুল হান্নান গাজী। গত ৮ নভেম্বর বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিআইডি সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের হেলারের ঘাট ব্রিজসংলগ্ন মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনরা মরদেহটি কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করেন। এ ঘটনায় রবিবার (৮ নভেম্বর) নিহতের ভাতিজা দেবাশীষ মণ্ডল বাদী হয়ে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে নিহতের মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয়ভাবে অনুসন্ধানের মাধ্যমে পল্লী চিকিৎসক মিঠুন ধরের সংশ্লিষ্টতার তথ্য পায় সিআইডি।
তদন্তে জানা গেছে, গত ৬ নভেম্বর দুপুরে রঞ্জন মণ্ডল কাটাখালী বাজারে পল্লী চিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পর মিঠুনকেও এলাকায় পাওয়া যাচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি জানতে পারে, আব্দুল হান্নান গাজীর সহায়তায় মিঠুন ধর সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরে সিআইডি যশোরের একটি দল কলারোয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসাইন জানান, গত ৬ নভেম্বর দুপুরে মিঠুন ধরের ফার্মেসিতে যান রঞ্জন মণ্ডল। একপর্যায়ে মিঠুন ফার্মেসির শাটার বন্ধ করে চলে যান। এরপর রঞ্জনকে আর ফার্মেসি থেকে বের হতে দেখা যায়নি। দুপুর আড়াইটার দিকে মিঠুন ফার্মেসি খুলে একটি বস্তা মোটরসাইকেলের পেছনে বেঁধে নিয়ে যান। ওই বস্তায় রঞ্জন মণ্ডলের মরদেহ ছিল।
তিনি আরও জানান, মিঠুন প্রথমে বস্তাটি গ্রামের একটি সরু রাস্তার পাশে রেখে দেন। পরে রাতে বস্তার মুখে ইট বেঁধে মুক্তেশ্বরী নদীতে ফেলে দেন।
এসআই দেলোয়ার হোসাইন আরও জানান, আটক মিঠুন ধরের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত সোনার চেইন ও আংটি এবং মরদেহ বহনে ব্যবহৃত মিঠুনের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কাটাখালী বাজারে মিঠুনের দোকান থেকে নিহতকে ইনজেকশন দেওয়ার প্যাকেটও উদ্ধার করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার দাবি, রঞ্জন মণ্ডলের সহায়-সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে তাকে হত্যা করেছেন মিঠুন।