Image description
পিরোজপুর সদর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এ ছাড়া ধারালো অস্ত্রের আঘাতে তার বাম পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা।
 
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব শিকদার মল্লিক এলাকায় শিকদার মল্লিক দাখিল মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
আহত আব্দুর রহিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি পূর্ব শিকদার মল্লিক গ্রামের ওমর আলীর ছেলে।
 
রহিমের স্ত্রী লাভলী আক্তার বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। রাজনীতির কারণেই তাকে কুপিয়ে আহত করা হয়েছে বলে তিনি মনে করেন। এর আগেও তাকে হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
 
আব্দুর রহিমের বড় ভাই সেকেন্দার শেখ জানান, ১০ থেকে ১২ জন মিলে তার ভাইয়ের ওপর হামলা চালায়। হামলাকারীরা রহিমের মাথার বিভিন্ন স্থানে কোপানোর পাশাপাশি বাম পা ভেঙে দেয়। এ ছাড়া পায়ের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।
 
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি অভিযোগ করেন, সন্ধ্যায় সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রহিমকে ছাত্রলীগ ও প্রজন্মলীগের নেতাকর্মীরা কুপিয়ে আহত করেছে। জড়িত ব্যক্তিদের গ্রেফতারের জন্য প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তিনি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা স্বেচ্ছাসেবক দলের এ নেতা।
 
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”