Image description

ভূমধ্যসাগরীয় উপকূলে সোমবার (৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা কনফারেন্স অব দ্য পার্টিসের ৩১ তম আসর (কপ-৩১)। দুই সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আনতালিয়ায় সমবেত বিশ্বের প্রায় ২০০ দেশের প্রতিনিধি। যুদ্ধজনিত জ্বালানি নিরাপত্তার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে বিদ্যুতের আশঙ্কাজনক চাহিদা বৃদ্ধি এবং জলবায়ু আলোচনায় যুক্তরাষ্ট্রের অনাগ্রহের প্রেক্ষাপটে বৈশ্বিক উষ্ণায়ন রোধের লড়াই নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল সংগ্রহে দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে। বাধ্য হয়ে অনেক দেশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করছে।অন্যদিকে, দ্রুত বিকশিত এআই প্রযুক্তির ব্যবহার বিদ্যুতের চাহিদা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এর ওপর, বিশ্বের শীর্ষ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো বৈশ্বিক জলবায়ু সহযোগিতা থেকে দূরে সরে রয়েছে।

পর্যবেক্ষকদের মতে, এসব প্রতিকূল পরিস্থিতি কপ-৩১ এর জন্য এক শক্তিশালী চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে জটিল করে তুলবে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নীতি বিষয়ের অধ্যাপক জন হোলড্রেন বলেন, এই মুহূর্তে আশাবাদী হওয়া কঠিন।

চলতি বছর জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনের কেন্দ্রীয় এজেন্ডা হিসেবে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির এক-তৃতীয়াংশের বেশি অংশকে বিদ্যুতায়নের প্রস্তাব করেছে তুরস্কের কপ-৩১ প্রেসিডেন্সি। বর্তমানে এই হার প্রায় এক-পঞ্চমাংশ।

অর্থনীতিকে বিদ্যুতায়ন করা বলতে সহজ কথায় বোঝায়—জীবনযাত্রা, শিল্পকারখানা ও পরিবহন ব্যবস্থায় যে কাজগুলো করতে সরাসরি কয়লা, পেট্রোল, ডিজেল বা প্রাকৃতিক গ্যাস (জীবাশ্ম জ্বালানি) পোড়ানো হয়, সেগুলোকে বাদ দিয়ে বিদ্যুৎচালিত প্রযুক্তিতে রূপান্তর করা।

এই লক্ষ্য অর্জনে বিশ্বনেতাদের একটি যৌথ প্রতিশ্রুতি পত্রে স্বাক্ষরের আহ্বান জানাচ্ছে এবারের সম্মেলনের সভাপতিত্ব করা দেশ তুরস্ক।

তাত্ত্বিকভাবে, এ ধরনের পদক্ষেপ জীবাশ্ম জ্বালানি চালিত যানবাহন, ফার্নেস, বয়লার, রান্নার চুলা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী অন্যান্য সরঞ্জামের ব্যবহার কমিয়ে বিশ্বজুড়ে পরিবেশবান্ধব রূপান্তরকে ত্বরান্বিত করবে, যা বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে সাহায্য করতে পারে।

তবে জলবায়ু অধিকারকর্মীরা এই প্রতিশ্রুতির তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, এতে বাড়তি বিদ্যুৎ পরিবেশবান্ধব উৎস থেকে আসার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এর ফলে, কেবল বিদ্যুতায়নকেই জলবায়ু অগ্রগতির মাপকাঠি ধরা হবে কি না—তা নিয়ে শুরুতেই বিতর্ক তৈরি হয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো, যারা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে সবচেয়ে বেশি, তাদের নেতৃত্বাধীন একটি জোট জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার জন্য আরও স্পষ্ট বৈশ্বিক রোডম্যাপের দাবি জানাচ্ছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার চাপ প্রতিনিয়ত বাড়ছে। গত অক্টোবরে প্রকাশিত জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবী ইতিমধ্যেই প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা অতিক্রম করার ঝুঁকিতে রয়েছে—যা ২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনে নির্ধারণ করা হয়েছিল।

২০২৬ সালটি পশ্চিম ইউরোপ জুড়ে একের পর এক তীব্র দাবদাহ এবং নেপালে হিমবাহ ধসে মারাত্মক বন্যার ঘটনায় ভিন্নভাবে চিহ্নিত হয়ে থাকবে। নেপালের ওই প্রাকৃতিক বিপর্যয়ে ১ হাজার ৪৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ।

স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোটের উপদেষ্টা এবং ক্লাইমেট অ্যানালিটিক্সের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মনজিৎ দাল বলেন, চলতি বছরটি জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সর্বাধিক প্রাণহানির অন্যতম বছর হিসেবে প্রমাণিত হয়েছে।

 

 

সূত্র: রয়টার্স