Image description

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় দেখা নেই চিত্রনায়িকা পরীমনির। এ সময়ে মুক্তি পায়নি তার অভিনীত কোনো সিনেমাও। তবে চলচ্চিত্রে অনুপস্থিত থাকলেও আলোচনার বাইরে নন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা কিংবা নানা বিতর্কিত কর্মকাণ্ড-বিভিন্ন ইস্যুতে প্রায়ই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় আসছেন তিনি।

এবার ঢাকার একটি অভিজাত ক্লাবে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শো-তে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান শোনার পর ক্ষুব্ধ হয়ে ‘মিডল ফিঙ্গার’ প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ছাড়তে বাধ্য হয়েছেন পরীমনি।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে এ ঘটনা ঘটে।

‘মিডল ফিঙ্গার’ দেখানো এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা, দিচ্ছেন নানা ধরনের প্রতিক্রিয়া।

ঘটনার পর নিজের অবস্থান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে পুরো আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন এই অভিনেত্রী।

এর আগে গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

একপর্যায়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনি ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন সরব হয়। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ বিভিন্ন সংগঠন পরীমণির আচরণের নিন্দা জানিয়ে তাকে বয়কটের ঘোষণা দেয়।