Image description

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করেছে, আর ২০২৪ সালে সেই স্বাধীনতা রক্ষার জন্য লড়াই হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তি পরাভূত হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

জাতি ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না।

এর আগে সকাল সাড়ে ৯টায় বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এ তথ্য জানান।

তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশ নিচ্ছেন।


অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতরা উপস্থিত রয়েছেন।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।


শীর্ষনিউজ