গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনায় গায়েবানা জানাজা আয়োজনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। বুধবার (৪ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুর ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় গায়েবানা জানাজার ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি সেখানে উপস্থিত হন।
এ সময় গায়েবানা জানাজার ব্যানার নিয়ে প্রথমে নেতাকর্মীরা বক্তব্য দেন। এনসিপি ও জাতীয় শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেওয়ার পর আলী নাসের খান বক্তব্য রাখেন। তার বক্তব্য শেষে জানাজা না পড়েই মোনাজাত শুরু করেন তিনি।
একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়। পুলিশের হামলায় জাতীয় শ্রমিক শক্তির সভাপতি এবং এনসিপির গাজীপুর জেলা কমিটির নেতাসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন আলী নাসের খান।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশীদ বলেন, এনসিপির নেতাকর্মীরা গাজীপুর চৌরাস্তার মূল সড়কে জানাজার আয়োজন করেছিলেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশের মসজিদ, ঈদগাহ মাঠ অথবা খেলার মাঠে জানাজা পড়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তারা তা না মানায় বাধ্য হয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।