Image description

প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে সেই স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। সিলেটে সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা। কী করলে এখনো ফাইনাল খেলতে পারবে বাংলাদেশ?

এবারের চক্রে এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় ৩টিতে, হার ৩টিতে, একটি হয়েছে ড্র। ৪৭.৬২ শতাংশ পয়েন্টের হার নিয়ে এই মুহূর্তে ৫ম স্থানে আছে বাংলাদেশ। তাদের সামনে আছে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া।

বাংলাদেশের সামনে বাকি আর ৫ ম্যাচ। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন শান্তরা। সেখানে তারা খেলবেন দুই টেস্ট। এরপর আবার নিজ মাটিতে ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।

ফাইনালে খেলার সমীকরণ নিজেদের হাতে রাখতে পরের ৫ ম্যাচেই জিততে হবে বাংলাদেশকে। তখন তাদের পয়েন্ট হবে ৬৯.৪৪। এই পয়েন্ট নিয়ে ফাইনালে খেলার জোর সম্ভাবনা থাকবে তাদের। একটি ম্যাচ হেরে গেলেই সর্বোচ্চ ৬১.১১ পয়েন্ট পাবে বাংলাদেশ। তখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচের দিকে।

সব মিলিয়ে এবারের ফাইনালে ওঠার পথটা বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য। আগামীকাল সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে ফাইনালের স্বপ্নটা বাঁচিয়ে রাখতে চাইবেন তারা।

৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। ৭১.৪৩ পয়েন্ট নিয়ে এর পরেই আছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬৯.২৩, ভারতের ৫১.৫২।