মন্ত্রিপরিষদের কোনো সদস্যের প্রতি পদত্যাগের মতো নির্দেশ আসা মাত্রই তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সংক্রান্ত কোনো তথ্যের সত্যতা তৃতীয় বা কোনো দূরবর্তী ব্যক্তির মাধ্যমে যাচাই না করে যেকোনো সিদ্ধান্ত কার্যকর হওয়া মাত্রই তা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে সরাসরি জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার রাত সাড়ে ১২টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমনটি জানান।
ইশরাক হোসেন লেখেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যেকোনো সদস্যের প্রতি পদত্যাগ অথবা অন্য যেকোনো নির্দেশ আসার সাথে সাথে সেটি কার্যকর করা প্রথাগতভাবে বাধ্যতামূলক অথবা স্বয়ংক্রিয়ভাবে তা কার্যকর হয়ে যায়। অতএব এই সংক্রান্ত কোনো তথ্য তৃতীয়, চতুর্থ, অথবা আরো দূরবর্তী কোনো ব্যক্তির মাধ্যমে যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই।
তিনি আরো লেখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অথবা আমার ক্ষেত্রে এই ধরনের কোনো সিদ্ধান্ত কার্যকর হওয়া মাত্রই দ্রুততম সময়ে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে ইনশাআল্লাহ।
গত শনিবার মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়া নিয়ে বিতর্কের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে রোববার বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। তবে এ বিষয়ে প্রতিমন্ত্রী ইশরাক বলছেন, ‘গুজবে কান না দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারো কাছ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পায়নি আমার দেশ।
এ বিষয়ে রাতে ইশরাক হোসেন বলেন, ‘আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখন পর্যন্ত নেই। এরকম যদি কোনো সিদ্ধান্ত আমরা দল থেকে নেওয়া হয়, তাহলে আপনাদের জানানো হবে।’