Image description

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন-২৩-এ বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৬৭ জন। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেত্রীরা রয়েছেন বলে জানিয়েছে বিএনপির দায়িত্বশীল সূত্র।

শুক্রবার (১৬ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ফরম পূরণ করে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে একই কার্যালয়ে জমা দিতে হবে।

 

মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিএনপির কেন্দ্রীয় সহমানবাধিকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনি।

এ ছাড়া ফরম সংগ্রহ করেছেন মহিলা দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, মহিলা দলের কেন্দ্রীয় মানব উন্নয়নবিষয়ক সম্পাদক খন্দকার ফারহানা আতিকা, বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুদা আফরোজ হক, ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা এবং দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা হীরা।

 

মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রবীণ নারী নেত্রী জেলী চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় এসেছিলেন তিনি। ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা ও সিমকী ইমাম খান, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় থাকা সৈয়দা আদিবা হোসেন এবং ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেহানা আক্তার শিরিন প্রমুখ।

গত ২৪ সেপ্টেম্বর মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের দিনই সংরক্ষিত নারী আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আগামী ১২ নভেম্বর আসনটিতে উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২৬ অক্টোবর, বাছাই ২৭ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। বিএনপির জন্য বরাদ্দ আসন হওয়ায় দলটি এখানে প্রার্থী মনোনয়ন দেবে। একক প্রার্থী থাকলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।