বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষক ও ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার ভিত্তিতে তৈরি এ তালিকায় তাদের নাম উঠে এসেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। তাদের মধ্যে গোবিপ্রবির দুই শিক্ষক হলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. দীপঙ্কর কুমার। এছাড়া ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী মো. আরাফাত হোসেন, মো. শিমুল ভূঁইয়া ও রায়হান চৌধুরীও এ স্বীকৃতি পেয়েছেন।
তালিকায় বাংলাদেশের গবেষকদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম। তার বিশ্ব র্যাঙ্কিং ৫ হাজার ৪৯৭ এবং গবেষণার উপক্ষেত্র মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি। অন্যদিকে, অধ্যাপক ড. দীপঙ্কর কুমারের বিশ্ব র্যাঙ্কিং ২ লাখ ২৯ হাজার ৭৮৪। পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান তার গবেষণার প্রধান ক্ষেত্র। এর মধ্যে ফলিত পদার্থবিজ্ঞান উপক্ষেত্রে তার বিশ্ব র্যাঙ্কিং ৪ হাজার ২৬৪।
শিক্ষার্থীদের মধ্যে ফার্মেসি বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মো. আরাফাত হোসেনের বিশ্ব র্যাঙ্কিং ৩ লাখ ১৯ হাজার ৮৩৫। তার গবেষণার উপক্ষেত্র ফার্মাকোলজি অ্যান্ড ফার্মেসি। এ উপক্ষেত্রে তার অবস্থান বিশ্বে ২ হাজার ৭৭৮তম।
একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শিমুল ভূঁইয়ার বিশ্ব র্যাঙ্কিং ৪ লাখ ৪১ হাজার ৪৯। মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি উপক্ষেত্রে তার বিশ্ব র্যাঙ্কিং ২ হাজার ৫৭০। অন্যদিকে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান চৌধুরীর বিশ্ব র্যাঙ্কিং ১৪ লাখ ১২ হাজার ৩৮০। একই উপক্ষেত্রে তার অবস্থান বিশ্বে ১১ হাজার ৩৪৫তম।
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন শিমুল ভূঁইয়া। এ অর্জনের অনুভূতি জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক গবেষক র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া নিঃসন্দেহে সম্মান ও আনন্দের। ২০২৫ সাল থেকে এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া আমার সাত বছরের নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও গবেষণার প্রতি ভালোবাসার স্বীকৃতি। গবেষণার পথচলায় দেশ-বিদেশের শতাধিক গবেষকের সহযোগিতা পেয়েছি।