দেশে বর্তমানে মাথাপিছু বছরে ১৩৭টি ডিমের প্রাপ্যতা রয়েছে। তবে পোলট্রি ফিড, বাচ্চা, ওষুধ ও জ্বালানির দাম বাড়ায় ডিম উত্পাদনের খরচ বাড়ছে। অন্যদিকে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও সরবরাহ ব্যবস্থার ত্রুটির কারণে খামারি পর্যায়ের বিক্রয়মূল্য এবং খুচরা বাজারের মূল্যের মধ্যে বড় ব্যবধান থাকায় প্রান্তিক খামারিরা লোকসানে পড়ছেন। এর মধ্যেই ২০৩০ সালের মধ্যে বার্ষিক মাথাপিছু ডিমের প্রাপ্যতা ২০০টিতে উন্নীত করার লক্ষ্যে সরকার ও খাত সংশ্লিষ্টরা কাজ করছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বছরে প্রায় ২,৪৪৬.৫ কোটি ডিম উত্পাদিত হয়, যা দিনে ৬ কোটিরও বেশি। ফলে বর্তমানে বার্ষিক মাথাপিছু ডিমের প্রাপ্যতা দাঁড়িয়েছে প্রায় ১৩৭টিতে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মতে, পুষ্টি চাহিদা পূরণ এবং সুস্বাস্থ্যের জন্য প্রতিটি মানুষের বছরে ন্যূনতম ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। সেই হিসাবে দেশের বর্তমান ডিমের প্রাপ্যতা এ প্রয়োজনীয়তার চেয়ে বেশি। তবে বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের ডিমের ব্যবহার এখনো কম। মাথাপিছু ডিম ব্যবহারে বিশ্বে শীর্ষে রয়েছে মেক্সিকো—বছরে গড়ে ৪০৯টি। জাপানে এ সংখ্যা ৩৩৭টি এবং নেদারল্যান্ডসেও ডিমের ব্যবহার অনেক বেশি। বিশ্বের উন্নত দেশগুলোতে বছরে গড়ে প্রায় ২৭০ থেকে ৩০০টি ডিম ব্যবহূত হয়।
উল্লেখ্য, প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী ডিম দিবস পালিত হয়। ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আইইসি ভিয়েনা কনফারেন্স থেকেই এই ডিম দিবস পালন করা হচ্ছে। এবারের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘শক্তি জোগায়, সুরক্ষা দেয় যে প্রোটিন’। ডিমের উচ্চমানের সম্পূর্ণ প্রোটিনের গুরুত্বকে তুলে ধরাই এ প্রতিপাদ্যের লক্ষ্য। পেশী বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বার্ধক্যে ডিমের ভূমিকার বিষয়টি এতে তুলে ধরা হচ্ছে।
স্বল্প মূল্যে প্রোটিন, ভিটামিন ও মিনারেলের চাহিদা মেটাতে ডিমের জুড়ি নেই। শিশুদের পুষ্টি নিশ্চিত করতেও ডিমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে বিশ্ব ডিম দিবস উপলক্ষ্যে এবারও প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন (বাংলাদেশ শাখা) এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।