বাংলাদেশি সন্দেহে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছেন ভারতের দুই নাগরিক। পরে বাংলাদেশি কয়েকজন জেলের সহযোগিতায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ২টার দিকে ঘটনাটি ঘটে বলে আহতরা জানান।
আহত দুই ভারতীয় নাগরিক হলেন-আব্দুল কাদেরের ছেলে আব্দুল আলিম ও তার ছোট ভাই ইসমাইল হোসেন। তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যের শালমারা-মানকাচর জেলায় বলে তারা জানিয়েছেন।
ইসমাইল হোসেন জানান, প্রতিদিনের মতো তারা ঠাকুরগাঁও সীমান্তসংলগ্ন একটি ফাঁকা জায়গায় গরু বেঁধে রাখেন। ৪ অক্টোবর আব্দুল আলিম গরু নিয়ে বাড়ি ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। এ সময় তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে গুলি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ইসমাইল আরও জানান, পরে তিনি বিএসএফ সদস্যদের তাদের ভারতীয় নাগরিক হওয়ার কথা জানান। এরপর তাকেও বাংলাদেশি সন্দেহে গুলি করা হয় বলে দাবি করেন তিনি। এতে দুই ভাই আহত হন।
ইসমাইলের ভাষ্য অনুযায়ী, ওই সময় মাছ ধরতে যাওয়া কয়েকজন বাংলাদেশি জেলে তাদের আহত অবস্থায় দেখতে পান। পরে তারা দুই ভাইকে উদ্ধার করে নিজেদের খরচে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তাদের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইসমাইল হোসেন বলেন, আমরা কোনো কিছু নিয়ে আসিনি, কোনো দোষও করিনি। এভাবে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশের সরকার, প্রশাসন এবং ভারতের আসাম সরকারের কাছে আমাদের আকুতি-আমাদের যেন আসামে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহত দুই ব্যক্তি সুস্থ হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।