Image description

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে—এ নিয়ে অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রত্যাশীরা। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রধান শিক্ষক পদে চলমান পদোন্নতি কার্যক্রম শেষ হওয়ার পর সহকারী শিক্ষকের শূন্যপদের সংখ্যা চূড়ান্ত করা হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম শুরু হয়েছে। নতুন নিয়মে ৩৬ হাজার ২৩৫টি শূন্য প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া চলছে। পদোন্নতির ফলে সমসংখ্যক সহকারী শিক্ষকের পদ শূন্য হবে। বিদ্যমান শূন্যপদের সঙ্গে এসব পদ যুক্ত হয়ে নতুন নিয়োগের সুযোগ আরও বাড়বে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি শেষ না হওয়া পর্যন্ত সহকারী শিক্ষক পদের প্রকৃত শূন্যসংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। পদোন্নতি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে শূন্যপদের হিসাব চূড়ান্ত হওয়ার পরই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

নাম ও পদবি উল্লেখ না করার শর্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, এরই মধ্যে নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। আশা করা যায়, আগামী বছরের শুরুতেই নতুন বিজ্ঞপ্তি আসতে পারে।

এর আগে ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগে ৬১ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হলে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

এদিকে নতুন নিয়োগের ক্ষেত্রে প্রতি বছর নির্দিষ্টসংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার। ফলে ২০২৭ সালের শুরুতে বিজ্ঞপ্তি প্রকাশ হলে বিপুলসংখ্যক প্রার্থীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হওয়ার সুযোগ তৈরি হতে পারে।