ভোলার তজুমদ্দিনে নিয়মিত মামলায় গ্রেপ্তারের পর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রাথমিক সদস্যপদ থেকে আব্দুল গফুরকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আব্দুল গফুরকে অতীতে মৌখিক ও লিখিতভাবে সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে দলীয় পদসহ সব প্রকার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার বেলা ১১টায় বাবুল নামের একটি ব্যক্তিকে গত কয়েকদিন আগে মুচিবাড়ির কোনা বাজারে মারপিটের পর বৈদ্যুতিক সর্ট দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।