Image description

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফার্মিক স্টিল লিমিটেডের কারখানায় ফার্নেসের ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়ে তিন বাংলাদেশি ও এক চীনা নাগরিকসহ চার শ্রমিক আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন—বাংলাদেশি শ্রমিক মনির, জুয়েল ও সাইফুল এবং চীনা নাগরিক জেংলিং হং। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।

ফার্মিক স্টিল লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা যুবরাজ জানান, ফার্নেসে ত্রুটির কারণে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে পড়লে চারজন আহত হন। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি দাবি করেন, তারা আশঙ্কামুক্ত রয়েছেন।

তবে হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের এই দাবির মিল পাওয়া যায়নি। চমেক সূত্র জানায়, ফার্নেসের ঘটনায় আহত চার শ্রমিককে আইসিইউতে রাখা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকদের কেউ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অর্থনৈতিক অঞ্চলের শিল্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাইসুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারখানা কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, এটি বয়লার বিস্ফোরণের ঘটনা নয়। ফার্নেসে ত্রুটির কারণে গলিত লোহা ছিটকে পড়েই দুর্ঘটনাটি ঘটেছে।