জর্ডান সীমান্ত দিয়ে ড্রোন ব্যবহার করে ইসরায়েলে ১০টি আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা নস্যাৎ করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। রাতভর পরিচালিত অভিযানে অস্ত্রসহ ড্রোনটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে তারা।খবর টাইমস অব ইসরায়েলের।
আইডিএফের দাবি, নজরদারি ক্যামেরা এবং ইসরায়েলি বিমানবাহিনীর আকাশসীমা নিয়ন্ত্রণ ব্যবস্থা দিয়ে সীমান্ত অতিক্রম করা ড্রোনটি শনাক্ত করা হয়। পরে দক্ষিণাঞ্চলীয় জর্ডান সীমান্তের দায়িত্বে থাকা ইয়োয়াভ আঞ্চলিক ব্রিগেডের সেনাদের ঘটনাস্থলে পাঠানো হয়।
সেনারা সেখানে ড্রোনটি খুঁজে পায়। এতে নয়টি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল, সেগুলোর ম্যাগাজিন এবং একটি পিস্তল ছিল বলে জানিয়েছে আইডিএফ। জব্দ করা অস্ত্র ও ড্রোন পরবর্তী তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জর্ডান ও মিসর সীমান্ত দিয়ে ড্রোন ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র এবং কখনো মাদক পাচারের চেষ্টা হয়েছে।
এদিকে দক্ষিণ লেবাননের মানসৌরি শহরে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসে বড় ধরনের অভিযান শেষ করার দাবি করেছে আইডিএফ।
মানসৌরি ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত দক্ষিণ লেবাননের বাফার জোনের মধ্যে অবস্থিত। প্রায় দুই মাস আগে ওই এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
আইডিএফের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ৫৫তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেড এবং অভিজাত ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্যরা মানসৌরিতে অভিযান চালান। এতে হিজবুল্লাহর ৬০০টির বেশি অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এর মধ্যে আটটি সুড়ঙ্গও রয়েছে।
সেনারা নিরাপত্তা অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে হিজবুল্লাহর ফেলে যাওয়া কয়েক ডজন রকেট লঞ্চারও খুঁজে পেয়েছে বলে দাবি করেছে আইডিএফ।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মানসৌরিতে পরিচালিত এই ‘ব্রিগেড পর্যায়ের অভিযান’-এর লক্ষ্য ছিল নিরাপত্তা অঞ্চলে হিজবুল্লাহকে পুনরায় সংগঠিত হতে না দেওয়া।
সূত্র : টাইমস অব ইসরায়েল