বগুড়ার সোনাতলায় বৈধ চালানবিহীন ৩৮ বস্তা সার জব্দ করে স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অবৈধভাবে সার পরিবহনের দায়ে অটোভ্যানচালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোড়াপীর মোড়ে স্থানীয়রা সারভর্তি দুটি অটোভ্যান আটক করেন।
আটক অটোভ্যানচালক জানান, মোকামতলার এক ডিলারের কাছ থেকে সারগুলো নিয়ে তিনি সাঘাটার অন্য এক ডিলারের কাছে যাচ্ছিলেন। তবে তিনি সারের কোনো বৈধ চালান বা বিল-ভাউচার দেখাতে পারেননি।
খবর পেয়ে সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন ঘটনাস্থলে গিয়ে ২০ বস্তা ইউরিয়া ও ১৮ বস্তা ডিএপি সার জব্দ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জব্দ করা ৩৮ বস্তা সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে ৪৫ হাজার ৯০০ টাকায় বিক্রি করে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। একই সঙ্গে অবৈধভাবে মালামাল পরিবহনের দায়ে অটোভ্যানচালক মো. আমজাদ, পিতা মৃত নুরুদ্দিন, সাঘাটা,কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৮ বস্তা সার জব্দ করে নিজের জিম্মায় নেন এবং বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে পাওয়া ৪৫ হাজার ৯০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।