ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২তম বিসিএস-এর কর্মকর্তা ও রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. আঁচল রায়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর দিনেই মুগদা হাসপাতালের ডেঙ্গু ইউনিটের দায়িত্ব পেয়েছিলেন এই চিকিৎসক। সুস্থ হয়ে এ দায়িত্ব পালন করার কথাছিল তার।
রোববার রাত ৮টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নুরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এশিয়া পোস্টকে নুরুল ইসলাম জানান, গত মঙ্গলবার ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন ডা. আঁচল রায়। অবস্থার উন্নতি না হলে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। তবে ক্রমেই সংকটাপন্ন অবস্থা হয়ে আসলে গত বৃহস্পতিবার আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেওয়া হয় তাকে। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আজই সকাল ৮টা ২০ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ ২০ জন চিকিৎসকের দায়িত্বের রোটেশন পরিবর্তনের নোটিশ দেওয়া হয়। এর মধ্যে ডা. আঁচল রায়কে ডেঙ্গু বিভাগে ন্যস্ত করা হয়েছে।