স্তন ক্যানসারজয়ী মা জেনির নাম লেখা জার্সি পরে মাঠে নেমেছিলেন ডেভিড মিলার। মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর সেই ম্যাচেই খেললেন ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৩ বলে করলেন ১৪২ রান।
রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিলারের ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ৯ ছক্কায়। ওয়ানডেতে এটি তার অষ্টম সেঞ্চুরি।
দক্ষিণ আফ্রিকার বার্ষিক ‘পিংক ডে’ ম্যাচটি এবার মিলারের কাছে ছিল বিশেষ। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির এই আয়োজনে ক্রিকেটারদের জার্সিতে নিজেদের পদবির বদলে লেখা হয়েছে রোগটির সঙ্গে লড়াই করা কিংবা সুস্থ হয়ে ওঠা মানুষের নাম। মিলার বেছে নিয়েছেন নিজের মাকে।
ব্যাট হাতে তার শুরুটা হয়েছিল দলের চাপের মধ্যে। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই এইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক ও ম্যাথু ব্রিটজকে ফেরার পর ৯৩ রানেই পড়ে যায় তিন উইকেট
সেখান থেকে অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে ইনিংস গড়ে তোলেন মিলার। চতুর্থ উইকেটে দুজন যোগ করেন ১৫৬ রান। বাভুমা ১১৬ বলে ১০৩ করে ফিরলেও মিলারের ব্যাটে রান আসতে থাকে দ্রুতগতিতে।
শেষ পর্যন্ত ৪৭তম ওভারে জ্যাক এডওয়ার্ডসের বলে ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়েন মিলার। ততক্ষণে দক্ষিণ আফ্রিকার রান পৌঁছেছে ৩৩১-এ।
মিলার ও বাভুমার জোড়া সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রান তোলে স্বাগতিকেরা। অস্ট্রেলিয়ার হয়ে এডওয়ার্ডস ৬৭ রানে নেন ৫ উইকেট।