প্রীতিলতা ওয়াদ্দেদার একজন যোদ্ধা ছিলেন এমন নয়, তিনি সময়ের সাহসী সৈনিক ছিলেন। পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রতিবাদী মানুষ ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক যোদ্ধা ছিলেন। সেই যুদ্ধের এক অনন্য বলিদানের প্রতীক হয়ে দাঁড়িয়ে ছিলেন ইতিহাসে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল সংসদ ও হল প্রশাসনের উদ্যোগে ‘মিট দ্য প্রীতি লেডিস’ শীর্ষক আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন উপাচার্য । তিনি বলেন, আজকের এই দিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। আজকের এই দিনেই প্রীতিলতা ওয়াদ্দেদার মৃত্যুবরণ করেছিলেন।
প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম বলেন, বিপ্লবী প্রীতিলতার স্মরণে এই হলের নামকরণ করা হয়েছে। কিন্তু অনেক শিক্ষার্থী প্রীতিলতার জীবন ও অবদান সম্পর্কে বিস্তারিত জানে না। তার দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রীতিলতা হলের জিএস নাদীয়া সুলতানা তাসনিয়া বলেন, হল সংসদ ও হল প্রশাসনের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি রচনা প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের প্রীতিলতার বিপ্লবী চরিত্র সম্পর্কে জানানো হচ্ছে।
এ সময় ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস উপলক্ষ্যে চবির প্রীতিলতা হলে স্মরণসভা, চিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা ও সংবর্ধনা আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ সম্পর্কে আলোচনা করা হয়। একই সাথে সন্ধ্যায় শহিদ মিনার চত্বরেও মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা পালন করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।