‘জান্নাতের টিকিট’ দেওয়ার প্রলোভন দেখিয়ে জামায়াতে ইসলামী রাজনৈতিক সুবিধা ও ভোট নিয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা জেলা অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘যারা জান্নাতের টিকিট বিক্রি করে বেড়ায়, তারা নির্বাচনের আগে নারীদের বলত পর্দায় আসতে হবে। অথচ নির্বাচনের বৈতরণী পার হওয়ার পরই তারা নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ফষ্টিনষ্টিতে মেতে ওঠে।’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘জামায়াতের আমির সংসদে দাঁড়িয়ে বলেন বিদ্যুৎ-গ্যাস সংকটের পেছনে নাকি বিগত সরকারের দায় রয়েছে, আবার তিনিই পরক্ষণে রাজপথে লংমার্চের ডাক দেন! এটাই মূলত তাদের আসল চরিত্র।’
দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বিএনপির সব ভাইয়ের প্রতি আহ্বান জানাব, আপনারা জামায়াতে ইসলামীর অপচরিত্র ধারণ করবেন না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে।’
নবগঠিত রাজনৈতিক দল ‘এনসিপি’-র কঠোর সমালোচনা করে তিনি মন্তব্য করেন, ‘নতুন একটি দল দাঁড়িয়েছে নাম নাকি এনসিপি! রাজনৈতিকভাবে সন্তানের বয়সী হয়েও তারা বাবার মাথায় চড়ে বসতে চায়। মূলত ওরাই আজ ফ্যাসিবাদী শক্তিকে পুনরুজ্জীবিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’
মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আকতার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম খাঁন সুজা, রোকনুজ্জামান খাঁন, শাহেদ হাসান টগর ও আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গসংগঠনের শীর্ষ নেত্রীবৃন্দ।