Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে জরুরি ভিত্তিতে টাকা চেয়ে বার্তা পাঠানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে দল বলছে, তাঁর নম্বরটি হ্যাক হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটায় ওই নম্বর থেকে ঢাকা স্ট্রিমের প্রতিবেদকের কাছে টাকা চেয়ে একটি বার্তা আসে। বার্তায় বলা হয়, ‘জরুরী বিকাশে ৩৫ হাজার টাকা দেওয়া যাবে এখন আমি রাতে টাকা দিয়ে দিবনি।’ পরে বিকাশ নম্বর জানতে চাইলে আর কোনো উত্তর মেলেনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার নম্বরটি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি ওই নম্বর থেকে কোনো ধরনের যোগাযোগ এলে তা এড়িয়ে চলার জন্য সবাইকে অনুরোধ করেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে একই রকম ঘটনার কথা জানিয়েছিলেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। চিফ হুইপ জানান, তিন সংসদ সদস্যের মোবাইল নম্বর থেকে তার কাছে জরুরি ভিত্তিতে ৫০ হাজার, ৩০ হাজার ও ২৫ হাজার টাকা চেয়ে বার্তা আসে। ওই সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পাওয়ায় তাদের ফোন হ্যাক হয়েছে বলে ধারণা করেন তিনি।

জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরে চিফ হুইপ বলেন, ‘আমি কালকে এখানে বসে পেয়েছি, আমাদের তিনজন মাননীয় সংসদ সদস্য বলেছেন, জরুরি ভিত্তিতে ৫০ হাজার টাকা পাঠান, ৩০ হাজার টাকা পাঠান, আবার ২৫ হাজার টাকা পাঠান। তিনজনের তিনটা ফোন থেকে এসেছে।’ সে সময় সংসদ সদস্যদের এ বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়ে তিনি জানান, ফোন হ্যাকের পাশাপাশি ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল করেও প্রতারণা হচ্ছে।

চিফ হুইপের বক্ত্যব্যের জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি রাষ্ট্রের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইতিমধ্যে কাজ শুরু করেছে।