নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের কার্যক্রমে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত প্রাতরাশ অনুষ্ঠানে অংশ নেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তাদের শুভেচ্ছা বিনিময় হয় এবং ফটোসেশনে অংশ নেন তারা।
এরপর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন। অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। এর মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে নতুন সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে।