সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত ইরান। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত আছে বলে জানিয়েছে দেশটি।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমালে এবং ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে পারে ইরান।
রোববার ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড জানায়, তারা জানতে পেরেছে যে আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় যুক্তরাষ্ট্র সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে তেহরান সতর্ক করে বলেছে, এমন পদক্ষেপ নেয়া হলে তারা ‘কোনো সীমাবদ্ধতা ও বিবেচনা ছাড়াই’ পাল্টা জবাব দেবে।
‘যুক্তরাষ্ট্রকে ঘোষণা দিতে হবে যে তারা কূটনৈতিকভাবে এই সমস্যার সমাধান করতে চায়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে হবে এবং এরপর প্রক্রিয়াটি কীভাবে এগিয়ে যাবে, সে বিষয়ে একটি সময়সূচিতে সম্মত হতে হবে,’ ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন। তিনি আরও জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইরানের প্রতিনিধি দল নিউইয়র্কে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি পুনরায় শুরু করার জন্য তাদের পূর্ণ ক্ষমতা দেয়া হয়েছে।
ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার সকালে তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হলেও নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন না।
ইরানের ওই কর্মকর্তা বলেন, ওয়াশিংটনের সঙ্গে শত্রুতা বন্ধের চুক্তির বিস্তারিত বিষয়গুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে নিউইয়র্কে আলোচনা করা যেতে পারে। তিনি জানান, তেহরানের প্রস্তাবটি ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছিল।
জাতিসংঘের সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্রের জন্য কূটনীতিতে ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ, ওই কর্মকর্তা বলেন। তিনি আরও বলেন, ওয়াশিংটন বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নিলে তেহরান কূটনীতি পুনরায় শুরু করাকে স্বাগত জানাবে।