কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ইমন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তার ভাবি।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমন (২৪) ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
নিহতরা হলেন ইমনের মা পেয়ারা বেগম এবং তার আট মাস বয়সী ভাতিজি। গুরুতর আহত ভাবির নাম রাবেয়া বেগম। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ইমনকে হাতেনাতে আটক করে ঘরে তালাবদ্ধ করে রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ইমন কোনো এক কারণে হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন।
এরপর তার আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে মেরে ফেলেন। এ সময় তাকে বাধা দিতে এগিয়ে এলে ভাবি রাবেয়া বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এসে আহত রাবেয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় এবং ঘাতক ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখে।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।
প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে।
শীর্ষনিউজ