নৈতিক স্খলনের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্তে জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি এক বাহরাইন প্রবাসীর স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেন ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ওই নারীকে সঙ্গে নিয়ে শেখ রহমত উল্লাহ বাড়ি থেকে চলে যান।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে রহমত উল্লাহর সঙ্গে ওই নারীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তারা জানতেন। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর শনিবার রাতে তারা দুজন একসঙ্গে চলে যান। এরপর থেকে তাদের মুঠোফোন বন্ধ রয়েছে।
ঘটনার পর পরিবারের সদস্যরা তাদের সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং ওই প্রবাসীর দুই শিশু কন্যা পরিবারের সদস্যদের সঙ্গে শাহরাস্তি থানায় উপস্থিত হন।
প্রবাসীর ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্কের বিষয়টি পরিবারের নজরে আসে। পরে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তারা দুজন চলে যান।
অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শীর্ষনিউজ