ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে কিশোরগঞ্জের ভৈরবের বায়জিদ চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। নিখোঁজের পর তাঁর মৃত্যুর খবর দালালের মাধ্যমে নিশ্চিত হলেও লাশের সন্ধান পায়নি পরিবার। বায়জিদ ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের সাব মিয়ার ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে এলাকার আরও দুই যুবকসহ লিবিয়ায় যান বায়জিদ। সেখান থেকে ১৪ সেপ্টেম্বর একটি নৌকায় আরও বেশ কয়েকজন অভিবাসনপ্রত্যাশীর সঙ্গে গ্রিসের উদ্দেশে রওনা দেন তিনি। যাত্রাপথে ভূমধ্যসাগরে তাদের বহনকারী নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। এতে পানিতে ডুবে বায়জিদের মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারজুড়ে শুরু হয় মাতম। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। সন্তান হারিয়ে বাবা-মা ও স্বজনরা এখন দিশেহারা। বায়জিদের বড় ভাই রায়হান ইতালিতে রয়েছেন। স্বজনরা তাঁর লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।
বায়জিদের কাকা আল আমিন জানান, শিবপুর ইউনিয়নের শম্ভুপুর-আলুকান্দা এলাকার দালাল সোহাগের মাধ্যমে তারা বিদেশে যান। তাদের একজন পুলিশের হাতে আটক হয়ে দেশে ফিরেছেন এবং অন্যজন ডাঙ্কি পথে ইতালি পৌঁছেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ বলেন, লিবিয়া নৌকাডুবিতে মৃত্যুর বিষয়টি জেনেছি। বায়জিদের পরিবার লাশ দেশে আনতে চাইলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।