Image description

রাজধানীর বিভিন্ন এলাকায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ, মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ীর পর এবার মগবাজার, বাবুবাজার, বঙ্গবাজার, সাইন্সল্যাব, গুলিস্তান ও বিটিভি ভবনের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে রাজধানীর কাফরুল, কলেজগেট ও চিটাগং হাইওয়ে রোডে ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে একটি মাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর রাত ৯টার দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে আরেকটি ককটেল বিস্ফোরণ হয়।
পরে রাত ১১ টার দিকে বিটিভি ভবনের প্রধান ফটকের বিপরীত পাশের সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মলয় বসির বলেন, বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণের বিষয়ে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান মানবজমিনকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে লোকমুখে জানতে পারি দুবার উচ্চ শব্দ হয়েছে। তবে সেটি ককটেল নাকি অন্যকিছু তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের কোনো আলামত পায়নি।
অন্যদিকে, রাজধানীর কাফরুল থানার সামনে ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টা ১৪ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সময়ে কলেজগেটে ও চিটাগাংরোড হাইওয়েতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজান ইসলাম বলেন, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

মিরপুর বিভাগের সহকারী কমিশনার আবুল বাসার মোল্ল্যা বলেন, একটি বাস পোড়ানোর খবর শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

এর আগে, এদিন জুমার নামাজের পর রাজধানীর মালিবাগ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায় ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে।  এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনসংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
পরে যাত্রাবাড়ী থানার সামনে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান নামে এক রিকশাচালক আহত হন।

রাজধানীর বিভিন্ন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।