রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকাল সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘ইফতেহাদুল ইসলাম’-এর সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে আটককৃতদের পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা হেফাজতে নেয়।
ডিএমপি’র তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। ঘটনাস্থলে কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) প্রধান এবং অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) কর্মকর্তারা ছুটে যান। তারা বিষয়টি যাচাই-বাছাই করছেন। পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, আটকদের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন। পরে বিস্তারিত জানানো হবে।