Image description
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন বৈঠক করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুব মহিলা লীগের চার নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এলাকায় অরাজকতা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।
 
 
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া পৌরসভার রাধানগর (কলেজপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফাতেমা বেগম (৪০), মোছা. রোকসানা আক্তার (৪২), রেখা খানম (৪২) ও নাজমা বেগম (৩৬)। তাদের মধ্যে রোকসানা আওয়ামী লীগ সরকারের সময় আখাউড়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পদপ্রার্থী এবং ফাতেমা সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। রেখা আখাউড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আর নাজমা বেগম যুব মহিলা লীগের সক্রিয় সদস্য।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাধানগর (কলেজপাড়া) এলাকায় কয়েকজন নারী গোপন বৈঠকে বসেছেন, এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা কয়েকজন সরে গেলেও চারজনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া থানা এলাকায় অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।
 
পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
 
 
আখাউড়া থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’