পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির সদস্য ফরিদ উদ্দিন গাজীকে দলীয় সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এক ব্যবসায়ীকে প্রাণনাশ ও জীবিত পুড়িয়ে মারার হুমকি দেয়ার অভিযোগে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে পটুয়াখালী জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
জেলা বিএনপির চিঠিতে বলা হয়, চেয়ারম্যান পদপ্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং জীবিত পুড়িয়ে মারার হুমকি-সংক্রান্ত একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, ওই ঘটনায় দলের শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে এবং এতে বিএনপির সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী ফরিদ উদ্দিন গাজীকে বাউফল উপজেলা বিএনপির সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এর আগে ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল। জিডিতে হুমকি দেয়ার অভিযোগ করা হয়। পরে এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাউফল থানার পুলিশ জানায়, ফরিদ গাজীকে এ ঘটনার পর অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
জেলা বিএনপির ওই চিঠির অনুলিপি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু এবং বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে।