Image description

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার ভোরে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ৬১তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ মৌছাগাছা এলাকায়।

মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার গর্ভে থাকা অনাগত শিশুটিও মারা গেছে।

মৃত নূর জাহানের স্বামী জোবায়ের হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার নূর জাহান ডেঙ্গুতে আক্রান্ত হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নূর জাহানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সহপাঠী আফরিন সুলতানা শোক প্রকাশ করে বলেন, অল্প বয়সে তার মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে মর্মাহত। এভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার চলে যাওয়াটা মেনে নেওয়া কষ্টকর।

নূরজাহানের সহপাঠী মাহমুদা আলম বলেন, তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত । আমাদের সাথে সবসময় হাস্যজ্জল থাকতো । তার চেহারাটা আমার চোখের সামনে এখনো ভাসছে। তার চলে যাওয়াটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না ।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, আমার ছাত্রী নূর জাহান অত্যন্ত ভদ্র, শান্ত ও সৃজনশীল মেয়ে ছিল। বিভাগের প্রতিটি অনুষ্ঠানে সে আগ্রহ নিয়ে অংশ নিত। তার এই অকালমৃত্যুতে আমরা পুরো বিভাগ অত্যন্ত ব্যথিত ও শোকাহত।