গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) হলের গণরুমের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তিতুমীর হলে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিতুমীর হলের গণরুমের সিট দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতা শাহজাহান ও ছাত্রদল কর্মী তামিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রদল কর্মী বায়েজিদ। পরে বায়েজিদের সঙ্গেও তামিমের কথা-কাটাকাটি হয়।
এর জের ধরে বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট এলাকায় বায়েজিদের ওপর অতর্কিতভাবে কয়েকজন ছাত্রদল নেতাকর্মী চড়াও হন বলে অভিযোগ উঠেছে। এ সময় তামিমের নেতৃত্বে ওই নেতাকর্মীরা বায়েজিদকে শারীরিকভাবে হেনস্তা করেন বলে জানা গেছে।
ঘটনার পর ছাত্রদলের একাধিক নেতাকর্মীর সম্পৃক্ততার একটি ভিডিও সামনে আসে। ভিডিওতে কয়েকজনকে বায়েজিদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে দেখা যায়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে শহীদ তিতুমীর হলের সামনে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে আবারো দুই পক্ষের ধস্তাধস্তি শুরু হয়। পরে পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইফতেখার রাকিবকে রড দিয়ে পেটানোর ঘটনায় ছাত্রদল কর্মী সবুজের বিরুদ্ধে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আহসান সৌরভ বলেন, “আজকে আর্কিটেকচার বিভাগের বিক্ষোভের সময় এদিকে ছিলাম। পরে মারামারি খবর পায়। ওখানে গিয়ে দুই পক্ষকে শান্ত করি। আগামীকাল তদন্ত কমিটি গঠিত হবে এবং জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”