মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত না হলেও বিস্ফোরণের শব্দে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খামারপাড়া বাজারের ওহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বাজারে স্বাভাবিকভাবে লোকজনের আনাগোনা ছিল। হঠাৎ চায়ের দোকানের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আতঙ্কিত হয়ে ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ছুটাছুটি শুরু হয়।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে বিস্ফোরণে কেউ কোনো হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি।
ঘটনাটি কারা এবং কী উদ্দেশ্যে ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।