Image description

রাজধানীর উত্তরার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ের দালালির অভিযোগে দুই ব্যক্তিকে এক মাস করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তুরাগের অবস্থিত বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেল কার্যালয়ে রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনসার সদস্যরা সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

অভিযানে মো. আলমগীর হোসেন (৪৩) ও মো. মিজানুর রহমান (৪৪) নামের দুজনকে আটক করা হয়। তারা হলেন, যাত্রাবাড়ীর গেন্ডারিয়ার সুলতান আহমেদের ছেলে আলমগীর ও কমলাপুরের মুগদার আমিন উল্লাহ ভূঁইয়ার ছেলে মিজান।

এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, অভিযানে আটকের সময় তাদের কাছ থেকে বিভিন্ন গাড়ির নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস ও মালিকানা বদল-সংক্রান্ত কাগজপত্রসহ সংশ্লিষ্ট নথিপত্র পাওয়া যায়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত দুজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরকারি সেবাকেন্দ্রে সেবাপ্রত্যাশীদের হয়রানি, অনিয়ম ও দালাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন বলেও জানান নাজমুস সাকিব।