Image description

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। মাসব্যাপী এই বইমেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। পাঠক ও দর্শনার্থীসহ সর্বসাধারণের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত। ছুটির দিনে সকাল ১০টা থেকেই উন্মুক্ত থাকবে। দেশের বিভিন্ন প্রান্তের পাঠক, লেখক, প্রকাশক ও ইসলামি সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় পরিণত হবে এ বইমেলা।

আগামীকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে আসর নামাজের পর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

ইসলামী বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রফিকুল ইসলাম আমার দেশকে জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ ও পূর্ব চত্বরে আয়োজিত এই মেলা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

তিনি আরো জানান, মাসব্যাপী এই মেলায় থাকছে ১৪৪ টি স্টল। যেখানে থাকবে শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান। পাশাপাশি মিসর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে সাতটি আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান এবারের বইমেলায় অংশ নিচ্ছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, আন্তর্জাতিক খ্যাতনামা বইয়ের অনুবাদ, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে।

এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। থাকবে শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্য কেন্দ্রসহ নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী। সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। মোনাজাত করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব আব্দুল মালেক।

বাদ আসর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। এতে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অতিথিরা উপস্থিত থাকবেন।