Image description

ময়মনসিংহের মুক্তাগাছায় আগুনে পুড়িয়ে ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। শরীরে আগুন ধরিয়ে দেয়ার পর পাশেই পানিতে লাফিয়ে পড়েও নিজেকে বাঁচাতে পারেনি ফরহাদ হোসেন। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় শরীরে একজন পেট্রোল ঢালে আরেকজন আগুন ধরিয়ে দেয়। মৃত্যুর আগে ফরহাদ পুলিশকে ঘটনার বিস্তারিত জানায় বলে রের্কড আছে।

গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের মৃত্যু হয়। এর আগে বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তার গায়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়।

নিহত ফরহাদ হোসেন মধ্যহিস্যা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। তিনি বেকারদের কর্মসংস্থান দাবিতে আন্দোলনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া গত সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ফরহাদের দুই স্ত্রী, দুই ছেলে এক মেয়ে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে নিজ বাসা থেকে বের হলে দুর্বৃত্তরা পেছন থেকে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে তিনি পাশে একটি জলাশয়ে লাফিয়ে পড়েন। ফরহাদ হোসেনের চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্খানান্তর করেন। গতকাল দুপুর ১২টার দিকে চিকিংসাধীন অবস্থায় ফরহাদ হোসেনের মৃত্যু হয়।

নিহতের পিতা আব্দুস সাত্তার জানান, তার ছেলে মাদকের বিরুদ্ধে নানা কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। এ নিয়ে কিছু লোকের সঙ্গে ফরহাদের বিরোধ ছিল। তারা এই ঘটনা ঘটাতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

মুক্তাগাছার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ফরহাদ পুলিশের সঙ্গে কথা বলেছে। আমরা তার বক্তব্য রেকর্ড করেছি। ফরহাদ বলেছেন, সে বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে নির্জন স্থানে যেতেই পেছন থেকে একজন পেট্রোল ছিটিয়ে দেয়, অপরজন আগুন ধরিয়ে দেয়। তবে ফরহাদ তাদের কাউকে চিনতে পারেনি বলেও জানিয়েছেন।

ওসি বলেন, কেন বা কী কারণে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে। মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।