Image description

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সক্রিয় সদস্য মাহমুদুল হাসানকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৭ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাহমুদুল হাসান মৃত জলিল বকসু ও নুর জাহান দম্পতির সন্তান।

 

র‌্যাবের দাবি, মাহমুদুল হাসান রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক সক্রিয় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র একজন সক্রিয় সদস্য। অস্ত্র আইনের একটি মামলায় আদালত তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা হওয়ার পর থেকেই তিনি পলাতক।

 

গ্রেপ্তারের পর মাহমুদুল হাসানের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে, জানান র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক।