নেত্রকোণার কেন্দুয়ায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৩০ জন আলেম-উলামা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলে যোগদান করেছেন।
বুধবার (২৬ আগস্ট) বিকালে কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদ্য যোগদানকারী আলেম-উলামাদের ফুল দিয়ে বরণ করে নেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, নেত্রকোণা জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম ও সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুর রশিদ নুরানী।
কেন্দুয়া ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুর রশিদ নুরানী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ইসলামী মূল্যবোধ সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় রেখে রাজনীতি করে। তাই খেলাফত মজলিস, জমিয়ত ও ইসলামী আন্দোলন ছেড়ে ওলামা দলে যোগদান করেছেন। আমরা তাদের স্বাগত জানাই।
তিনি আরও বলেন, হাজী মো. মজিবুর রহমান রাহমানির নেতৃত্বে ৩০ জন আলেম-উলামা, বলাইশিমুল ইউনিয়ন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ৩০ জন, মোজাফফরপুর ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা দিদারুল ইসলামের নেতৃত্বে ২০ জন, মাওলানা শফিকুল ইসলামের নেতৃত্বে খেলাফত আন্দোলনের ২৫ জন, হাফেজ মাওলানা শরিফুল ইসলামের নেতৃত্বে ইসলামী আন্দোলনের ১৫ জন, হাফেজ মাওলানা হাসিবুর রহমানের নেতৃত্বে খেলাফত মজলিসের ১০ জন এবং মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্বে রোয়াইলবাড়ি ইউনিয়ন ইসলামী আন্দোলনের ১০ জন রয়েছেন।
এ সময় নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী আলেম-উলামাদের স্বাগত জানিয়ে তাদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।