ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরির চাকরি দেওয়ার নামে দুই লাখ টাকা ঘুস এবং স্কুল পরিচালনা কমিটির সদস্য পদ দেওয়ার নামে লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক নাজমুল হকের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, কাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য প্রার্থী মাসুদ রানার সঙ্গে কথা বলছেন প্রধান শিক্ষক নাজমুল হক।
কথোপকথনের একপর্যায়ে মাসুদ রানা প্রশ্ন করেন, যে লোক আপনাকে ডিম সিদ্ধ করে খাওয়ায়, তার কাছ থেকেও দপ্তরির চাকরি দেওয়ার কথা বলে ২ লাখ টাকা নিয়েছেন? তাহলে তো এই পর্যন্ত কমপক্ষে ১০ লাখ টাকা নিয়েছেন।
এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, ২ লাখ নিছি, সামনে আরও ১০ লাখ নিয়াম। এইবার তো শুরু। তাছাড়া ইউএনওর কাছে যে অভিযোগ দিছে, সেখানে কি ঘুসের কথা লেখতারছে, আমি যে ঘুস নিছি?
ছেলের দপ্তরি চাকরির জন্য প্রধান শিক্ষককে ২ লাখ টাকা ঘুস দেওয়ার কথা স্বীকার করেছেন ভুক্তভোগী বাবা নুরুল ইসলাম।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ছেলে কাউসারের চাকরির জন্য ঋণ করে ২ লাখ টাকা দিয়েছিলাম। পরে জানতে পারি, দপ্তরির চাকরি দেওয়ার কোনো ক্ষমতাই প্রধান শিক্ষকের নেই। টাকা ফেরত চাইলে তিনি তালবাহানা করেন। পরে ইউএনওর কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো তিনি টাকা ফেরত পাইনি।
ভিডিওতে স্কুল পরিচালনা কমিটির সদস্য পদ দেওয়ার নামেও অর্থ বাণিজ্যের কথা উঠে আসে। সদস্য বানানোর কথা বলে ১০ হাজার টাকা করে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান শিক্ষক বলেন, এই টাকা নেওয়ার সরকারি চিঠি আছে, যা টিও, এটিও স্যারেরাও জানেন। একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যিনিই সভাপতি হন, আমার কাছে আইতে হইব।
প্রধান শিক্ষকের এমন প্রকাশ্য ঘুস বাণিজ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। একজন শিক্ষকের এমন অনৈতিক কর্মকাণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, আমার অজান্তে গোপনে ভিডিও করেছেন। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কথা শুনেছি। এতে দপ্তরের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।