Image description

পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ইংল্যান্ড। মাঠের পারফরম্যান্সে স্বস্তি ফিরছিল দলে, কিন্তু সেই আবহ বেশিক্ষণ স্থায়ী হলো না। ডার্বির একটি নাইটক্লাবের বাইরে ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সকে হাতকড়া পরা অবস্থায় দেখা যাওয়ার ঘটনায় আবারও আলোচনায় এসেছে দলের শৃঙ্খলা।

ঘটনার পর কার্সকে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড। পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্তও শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ডার্বির একটি বারের বাইরে কার্সকে পুলিশের সঙ্গে দেখা যায়। তাঁর হাতে ছিল হাতকড়া। পরে অবশ্য অল্প সময়ের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

৩১ বছর বয়সী এই পেসারের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। দ্বিতীয় টেস্টের আগে লর্ডসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুট বলেন, ‘সত্যি বলতে গেলে, আমি ভীষণ ক্ষুব্ধ। গত সপ্তাহের পারফরম্যান্সের পর এখানে বসে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে, যার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। এতে আমি সত্যিই হতাশ।’

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর ইংল্যান্ড শিবিরে যে স্বস্তি ফিরেছিল, কার্সের ঘটনাটি তাতে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। এখন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আরও কোনো সিদ্ধান্ত আসে কি না, সেটিই দেখার অপেক্ষা। কার্সকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামতে হবে ইংল্যান্ডকে।