জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে তিনি আকস্মিকভাবে এ পরিদর্শনে যান। প্রায় ঘণ্টাখানেক সেখানে ঘুরে ঘুরে চব্বিশের আন্দোলন ও জুলাই বিপ্লবের নানা স্মৃতি দেখেন জামায়াত আমির।
এ বিষয়ে বিরোধীদলীয় নেতার এপিএস নজরুল ইসলাম আমার দেশকে জানান, পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান হঠাৎ করে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে স্ত্রী, দুই মেয়ে, এক জামাই ও নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, জামায়াত আমির সেখানে পৌঁছালে জুলাই জাদুঘর কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে যথাযথ প্রটোকলের মধ্যদিয়ে পরিদর্শনে সহায়তা করেন। অনানুষ্ঠানিক এ পরিদর্শনে কোনো মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।