কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া একটি ইউনিট প্রায় সাড়ে আট ঘণ্টা পর আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ত্রুটি মেরামতের পর ইউনিটটি পুনরায় চালু করা হয়।
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (প্রশাসন) সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার সকাল ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ শুরু করেন। সন্ধ্যার দিকে মেরামত শেষ হলে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে।
মাতারবাড়ি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে ৬০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ২০২৩ সালের নভেম্বর থেকে কেন্দ্রটিতে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। প্রায় ১ হাজার ৪০০ একর জমির ওপর নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা।