Image description

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) বিজিবি সেক্টর সদর বান্দরবান থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিভিন্ন বয়সের ১৪ জন মিয়ানমার নাগরিক আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধীন ক্রিলাইপাড়া চেকপোস্টে এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে দাবি করেন। তবে বাংলাদেশে প্রবেশের সময় তারা সবাই বেসামরিক পোশাকে ছিলেন এবং তাদের কাছে কোনো অস্ত্র ছিল না।

 

 

পরবর্তীতে তাদের ব্যাটালিয়ন সদরে নিয়ে অনুপ্রবেশের কারণ ও পরিচয় যাচাই শেষে ফরেনার্স অ্যাক্টসহ সীমান্ত নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। বুধবার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের পর তাদের আলীকদম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ জানান, আটক মিয়ানমার নাগরিকদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সীমান্ত অতিক্রমের উদ্দেশ্য গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।