এলএনজি কার্গো না থাকায় মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বুধবার দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। টার্মিনালটির মজুত এলএনজি শেষ হয়ে যাওয়ায় আপাতত সামিটের টার্মিনাল থেকেই গ্যাস সরবরাহ করা হচ্ছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় দেশে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ২৮৯ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় কূপ থেকে এসেছে ১ হাজার ৬২৮ মিলিয়ন ঘনফুট এবং এলএনজি থেকে ৬৬১ মিলিয়ন ঘনফুট।
তবে সন্ধ্যা ৬টার দিকে এলএনজি সরবরাহ কমে দাঁড়ায় ৫৬২ মিলিয়ন ঘনফুটে। একই সময়ে দেশীয় গ্যাস সরবরাহ ছিল প্রায় ১ হাজার ৬২৭ মিলিয়ন ঘনফুট। ফলে জাতীয় সঞ্চালন লাইনে মোট গ্যাস প্রবাহ কমে দাঁড়ায় ২ হাজার ১৮৯ মিলিয়ন ঘনফুটে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) এক কর্মকর্তা জানান, বুধবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এক্সিলারেটের টার্মিনালে থাকা এলএনজির শেষ মজুতও শেষ হয়ে যায়। এরপর থেকেই টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
অপরদিকে, সামিটের এলএনজি টার্মিনাল চালু রয়েছে এবং সেখান থেকেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এক্সিলারেটের টার্মিনাল বন্ধ হওয়ার মূল কারণ এলএনজি কার্গোর ঘাটতি। এর আগে টার্মিনালের বয়লার মেরামত নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছিল। এক্সিলারেট প্রথমে বয়লার চালু করতে ৭২ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছিল। পরে বয়লার সচল হওয়ার কথা জানানো হলেও এর মধ্যে টার্মিনাল চালু রাখার মতো পর্যাপ্ত এলএনজি মজুত ছিল না।
ফলে বয়লার সচল হওয়ার পরও এলএনজি কার্গোর অভাবে টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ চালু রাখা সম্ভব হয়নি।